সিরাজগঞ্জে দুই মহল্লাবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় সাজ্জাদ হোসেন (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১০ জন। গতকাল বুধবার শহরের ভাঙ্গাবাড়ী (সয়াগোবিন্দ) ও দিয়ার ধানগড়া মহল্লাবাসীর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সাজ্জাদ পুরাতন ভাঙ্গাবাড়ী মহল্লার আবু সাঈদের ছেলে।
সিরাজগঞ্জ ২ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক তরিকুল ইসলাম জানান, বুকের নিচে ধারালো ফালার আঘাতে মারা গেছেন সাজ্জাদ।
সংঘর্ষে আহত সাজ্জাদ হোসেন সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতা মঙ্গলবার রাত থেকে দিয়ারধানগড়া ও ভাঙ্গাবাড়ী মহল্লাবাসীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। গতকাল দুপুরে ফের সংঘর্ষ বাধে। এ সময় দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় দুই দিনে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এদিকে সাজ্জাদ হোসেন নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে।
সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা বলেন, গতকাল উভয় পক্ষ দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে সাজ্জাদ হোসেনসহ অন্তত ১০ জন আহত হন। তাকে সিরাজগঞ্জ বেগম ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঐ দুই মহল্লায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে তিনি জানান।
