বিএনপির ২৬ নেতাকর্মী রিমান্ডে ১৯ জন কারাগারে

আপডেট : ১৮ আগস্ট ২০২১, ২২:৫৫

রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ এবং গাড়ি ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় বিএনপির ২৬ নেতাকর্মীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। একই মামলায় আরো ১৯ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।

গতকাল বুধবার বিকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জেল হোসেন শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় পুলিশের করা মামলায় ৪৫ জনের প্রত্যেককে পাঁচ দিন করে রিমান্ড চায় পুলিশ। একই সঙ্গে গ্রেফতার দুই কিশোরকে কিশোর সংশোধনাগারে পাঠানোর আবেদন করা হয়।

আসামিপক্ষে মাসুদ আহমেদ তালুকদার ও জয়নাল আবেদীন মেসবাহ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক এ আদেশ দেন।

জানা যায়, গত মঙ্গলবার চন্দ্রিমা উদ্যানে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ডিএমপির তেজগাঁও বিভাগের ডিসিসহ বেশ কয়েকজন কর্মকর্তা এবং পুলিশ সদস্য আহত হয়েছেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে যাওয়া নিয়ে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে দলটির নেতাকর্মীরা পুলিশকে ইটপাটকেল ছুড়লে পুলিশও টিয়ারশেল নিক্ষেপ করে। তবে বিএনপির অভিযোগ, শুধু টিয়ারশেল নয়, গুলিও চালিয়েছে পুলিশ। এতে বেশ কয়েকজন গুলিবিদ্ধও হয়েছেন।

চন্দ্রিমায় সংঘর্ষে ১৫৩ জনের

বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৪৭

রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় শেরেবাংলা নগর থানায় তিনটি মামলা করা হয়েছে। মেট্রোরেল কর্তৃপক্ষ দুটি এবং পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। পুলিশের মামলায় নাম উল্লেখ করে ১৫৩ জনকে আসামি করা হয়েছে। এদের মধ্যে গ্রেফতার করা হয়েছে ৪৭ জনকে। আর মেট্রোরেল কর্তৃপক্ষের দুটি মামলায় অজ্ঞাত ৮০ থেকে ৯০ জনকে আসামি করে মামলা হয়েছে।