পুরো মধ্যপ্রাচ্যকে আমরা ধ্বংস করে দিয়েছি :ট্রাম্প

আপডেট : ১৮ আগস্ট ২০২১, ২২:৫৭

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা পুরো মধ্যপ্রাচ্যকে ধ্বংস করে দিয়েছি। এজন্য আমাদের হাজার হাজার কোটি ডলার খরচ হয়েছে, লাখ লাখ জীবন চলে গেছে, কিন্তু সেখানে কোনো পরিবর্তন আসেনি। এটা সবচেয়ে বেশি খারাপ, কারণ সেখানে আপনাকে সবকিছু পুনঃনির্মাণ করতে হবে, এটা আসলে টুকরো টুকরো করে            ফেলার মতো। সেখানে থাকা মানে চোরাবালিতে আটকে যাওয়ার মতো একটা ব্যাপার। আফগান পরিস্থিতি নিয়ে মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের শেন হ্যানিটির কাছে দেওয়া একটি সাক্ষাত্কারে তিনি এ মন্তব্য করেন। 

ট্রাম্প বলেন, আফগানিস্তানে লড়াই করতে যাওয়ার সিদ্ধান্ত ছিল আমাদের দেশের ইতিহাসের নিকৃষ্টতম সিদ্ধান্ত। আফগানিস্তান থেকে যেভাবে সেনা প্রত্যাহার করা হয়েছে, আমি ক্ষমতায় থাকলে সেটি ভিন্নরকম হতো। সেখান আমি সেনাসংখ্যা ২০ হাজার থেকে আড়াই হাজারে নামিয়ে এনেছিলাম। সামরিক বাহিনীকে সরিয়ে আনার আগে বেসামরিক লোকজন, অনুবাদক এবং অন্যান্য লোকজনকে সরিয়ে আনলে সেটা আমাদের জন্য সহায়ক হতো। আগে আমাদের সেখান থেকে মানুষজনকে সরিয়ে নিয়ে আসা উচিত ছিল, এরপর সামরিক বাহিনীকে প্রত্যাহার করতে হত।

এদিকে এই সাক্ষাত্কারে ট্রাম্প বলেন, তালেবান যোদ্ধারা হাজার বছর ধরে লড়াই করছে। তারা ভালো যোদ্ধা এবং ভালো আলোচক। ট্রাম্পের এই বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা হয়েছে।