আত্মহত্যা প্ররোচনার মামলা থেকে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরকে অব্যাহতি দিয়েছে আদালত। পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে গতকাল বুধবার ঢাকার মহানগর হাকিম রাজেশ চৌধুরী এই আদেশ দেন।
গুলশানে কলেজছাত্রী মোসারাত জাহান
মুনিয়ার আত্মহত্যার ঘটনায় সায়েম সোবহান আনভীরের প্ররোচনায় সম্পৃক্ততা না পাওয়ার কথা উল্লেখ করে গত ১৯ জুলাই আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে গুলশান থানাপুলিশ। সেই প্রতিবেদনের গ্রহণযোগ্যতার বিষয়ে মঙ্গলবার শুনানির দিন ধার্য ছিল। এদিন সকালে মামলার বাদী নুসরাত জাহান তানিয়ার পক্ষে আইনজীবী মাসুদ সালাউদ্দিন চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন দাখিল করেন। ঐ আবেদনের ওপর শুনানি শেষে বিচারক নথি পর্যালোচনায় আদেশের জন্য রাখেন। গতকাল নারাজির আবেদন নাকচ করে চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে আদেশ দেয় আদালত। গত ২৬ এপ্রিল গুলশানের একটি বাড়িতে মারা যান মুনিয়া। পরে তার বোন নুসরাত জাহান তানিয়া আত্মহত্যার প্ররোচনার অভিযোগে গুলশান থানায় সায়েম সোবহান আনভীরকে একমাত্র আসামি করে মামলা করেন।
