আফগানিস্তানের পালিয়ে যাওয়া প্রেসিডেন্ট আশরাফ ঘানি সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন বলে উপসাগরীয় রাষ্ট্রটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঘোষণা করা হয়েছে। ইউএই পররাষ্ট্র এবং আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক মন্ত্রণালয় নিশ্চিত করছে, মানবিক কারণে সংযুক্ত আরব আমিরাত ঘানি এবং তার পরিবারকে স্বাগত জানিয়েছে। তালেবানের অগ্রযাত্রার মুখে রবিবার আশরাফ ঘানি কাবুল থেকে পালিয়ে যান। খবর বিবিসির
এদিকে তাজিকিস্তানে আফগান রাষ্ট্রদূত অভিযোগ করেছেন, দেশ ছাড়ার সময় ঘানি নিজের সঙ্গে ১৬ কোটি ৯০ লাখ ডলার নিয়ে যান। রাষ্ট্রদূত মোহম্মদ জহির আগবার ঘানির আফগানিস্তান ত্যাগকে দেশ ও জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে বর্ণনা করেন। তিনি আফগান দূতাবাসে এক সংবাদ সম্মেলনে ঘোষণা করেন যে দূতাবাস সাবেক ডেপুটি প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহকে আফগানিস্তানের অস্থায়ী প্রেসিডেন্ট হিসাবে স্বীকৃতি দিচ্ছে। মঙ্গলবার বিবিসি নিউজের কাছে পাঠানো এক অডিও বার্তায় সালেহ নিজেকে ‘আফগানিস্তানের বৈধ তত্ত্বাবধায়ক প্রেসিডেন্ট’ দাবি করেন এবং বলেন, ‘যুদ্ধ এখনও শেষ হয়নি।’
