মনোহরদীতে স্বেচ্ছাসেবক দলের কর্মসূচিতে ছাত্রলীগের হামলা

আপডেট : ১৮ আগস্ট ২০২১, ২২:৫৯

নরসিংদীর মনোহরদীতে স্বেচ্ছাসেবক দলের অক্সিজেন সিলিন্ডার বিতরণ এবং হেল্প সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে ছাত্রলীগের অতর্কিত হামলার সময় চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি সুমন রায়, যমুনা টিভির ক্যামেরাপারসন ইসমাইল মিয়াসহ স্বেচ্ছাসেবক দলের অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় হামলার ছবি তোলায় ক্যামেরা ছিনিয়ে নিয়ে ভাঙচুরের ঘটনা ঘটে। গতকাল বুধবার দুপুরে মনোহরদী উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় একটি রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী ও নেতাকর্মীরা জানায়, বুধবার দুপুরে মনোহরদীর স্থানীয় একটি রেস্টুরেন্টে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুঁইয়া জুয়েলের উপস্থিতিতে করোনা রোগীদের জন্য হেল্প সেন্টার উদ্বোধন অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানের শেষ মুহূর্তে ছাত্রলীগ নামধারী কতিপয় উচ্ছৃৃঙ্খল যুবক লোহার রড, লাঠিও ও বাঁশ দিয়ে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় সংবাদ সংগ্রহ করতে যাওয়া দুই সাংবাদিকসহ ২০ নেতাকর্মী আহত হয়।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিচুর রহমান জানান, স্বেচ্ছাসেবক দলের আয়োজন সম্পর্কে পুলিশ অবগত ছিল না। তবে অতর্কিত হামলায় দুই জন সাংবাদিক আহতের ঘটনা শুনেছেন। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাননি। ঘটনা সম্পর্কে বিস্তারিত জেনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুল হাসান মিন্টু, সাধারণ সম্পাদক আহসানুল ইসলাম লিমন, মনোহরদী উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক হেলাল হাসান ইমন আলমের মোবাইল ফোনে একাধিকবার ফোন করলেও কেউ রিসিভ না করায় হামলার বিষয়ে ছাত্রলীগের কারো বক্তব্য পাওয়া যায়নি।