আটকের ২৪ ঘণ্টার মধ্যে আসামি হাজির না করার কারণ জানতে চেয়েছে আদালত

আপডেট : ১৮ আগস্ট ২০২১, ২২:৫৯

ছয় আসামিকে আটকের ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির না করে তিন দিন পর হাজির করায় চট্টগ্রামের চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান ও মামলার তদন্ত কর্মকর্তা নগর গোয়েন্দা (উত্তর) পুলিশের উপ-পরিদর্শক ইমাম হোসেনকে কারণ দর্শাতে বলেছে আদালত। গতকাল বুধবার চট্টগ্রাম মহানগর ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফি উদ্দিনের আদালত এ আদেশ দেন।

আদালত সূত্র জানায়, সম্প্রতি নগরীর বিভিন্ন এলাকা থেকে সিএনজি অটোরিকশা চোর চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করে নগর গোয়েন্দা পুলিশ (উত্তর)। আদালতে আসামিদের গ্রেফতারের ফরওয়ার্ডিংয়ে ৯ আগস্ট সব আসামিকে গ্রেফতার করা হয়েছে বলে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন। কিন্তু আসামিদের ১১ আগস্ট আদালতে হাজির করে তিনি রিমান্ডের আবেদন করেন। গতকাল বুধবার রিমান্ডের শুনানির সময় আটকের ২৪ ঘণ্টার মধ্যে আদালতে আসামিদের হাজির না করে তিন দিন পর হাজির করার বিষয়টি বিচারকের নজরে আনা হয়। বিষয়টি আমলে নিয়ে আদালত আগামীকালের মধ্যে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে এবং মামলার তদন্ত কর্মকর্তা এসআই ইমাম হোসেনকে এ বিষয়ে কারণ দর্শানোর আদেশ দেন। আসামিদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী।