আদমদীঘিতে গৃহবধূর চুল কেটে দেওয়ার ঘটনায় নারীসহ গ্রেফতার তিন

আপডেট : ১৮ আগস্ট ২০২১, ২২:৫৯

আদমদীঘিতে প্রতিবেশীর বাড়িতে ছাগল প্রবেশ করার জের ধরে এক গৃহবধূকে মারধর শেষে তার মাথার চুল কেটে দেওয়ার ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার উপজেলার সান্তাহার ইউনিয়নের দমদমা উত্তরপাড়া থেকে আসামিদের গ্রেফতার করা হয়েছে। দুপুরে গৃহবধূর বাবা বগুড়ার গোদাপাড়ার নূর ইসলাম বাদী হয়ে সাত জনের নামোল্লেখ করে থানায় মামলা করেন। গ্রেফতারকৃতরা হলো—জেলার দমদমা গ্রামের কাজী শাহিন, তার ছোট ভাই কাজী ফরহাদ হোসেন ও ফরহাদের স্ত্রী নার্গিস বেগম।

মামলা সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জের ও গত ১৩ আগস্ট প্রতিবেশী মামার বাড়িতে ছাগল প্রবেশ করা নিয়ে উপজেলার দমদমা গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা উজ্জ্বলের স্ত্রীর সঙ্গে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে সোমবার রাতে সেই জেরে উজ্জ্বলের বসতবাড়িতে গ্রেফতারকৃত আসামিরা ঢুকে তার স্ত্রীকে মারপিট করে মাথার চুল কেটে দেয়। এ সময় ঐ গৃহবধূর ছেলের চিত্কারে প্রতিবেশীরা এগিয়ে এসে উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করান।