নরসিংদীতে নারী শ্রমিককে দল বেঁধে ধর্ষণ গ্রেফতার ৩

আপডেট : ১৯ আগস্ট ২০২১, ০০:০৯

নরসিংদী সদর উপজেলার পশ্চিমপাড়া গ্রামের বেলতলা এলাকায় গত মঙ্গলবার সন্ধ্যায় এক নারী শ্রমিককে মাইক্রোবাসের ভেতরে দল বেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল বুধবার ঐ নারী শ্রমিক তিন জনের নাম উল্লেখ করে নরসিংদী মডেল থানায় মামলা করেন।

ধর্ষণের অভিযোগে মামলার তিন আসামিকে বুধবার দুপুরে শহরের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো—নরসিংদী শহরের বাসাইল এলাকার সাইফুল ইসলাম, পলাশের ধনাইরচর এলাকার সোহেল মিয়া ও কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া এলাকার মিজান মিয়া । মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ঐ নারী শ্রমিক (২০) স্থানীয় একটি পাওয়ারলুম মিলে শ্রমিকের কাজ করেন। এক পর্যায়ে মিজান মিয়ার সঙ্গে তার পরিচয় ঘটে। ঐ পরিচয়ের সূত্র ধরে মিজান ঐ নারীকে তার মায়ের সঙ্গে দেখা করানোর কথা বলে মঙ্গলবার সন্ধ্যায় শহরের ভেলানগর এলাকায় ডেকে নেন। পরে সন্ধ্যায় বেলতলা এলাকায় নিয়ে মাইক্রোবাসে ওঠান। এ সময় মিজান ও মাইক্রোবাসে আগে থেকে থাকা তার দুই সহযোগী সোহেল ও সাইফুল নারীকে বেঁধে ধর্ষণ করে।