সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ড. আসিফ নজরুলের তালাবদ্ধ কক্ষে তালা দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। এ অধ্যাপকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও তালেবানের দালাল আখ্যা দিয়ে কক্ষের দরজায় ও দেওয়ালে পোস্টারও সাঁটানো হয়। সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষ্যে ছাত্রলীগের পূর্বঘোষিত কর্মসূচি শেষে বুধবার দুপুরে ছাত্রলীগের নেতাকর্মীরা আসিফ নজরুলের কক্ষে তালা দেয়। এ সময় মুক্তিযুদ্ধ মঞ্চের নেতারাও তালা মারা কক্ষে তালা দেয়।
এই শিক্ষকের কক্ষের দরজার সামনে ‘দেশদ্রোহী’, ‘জঙ্গিবাদের মদদদাতা’, ও ‘জামায়াত-শিবিরের এজেন্ট’ লেখা পোস্টারও সাঁটিয়ে দেয় তারা। এর আগে মঙ্গলবার আসিফ নজরুল নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দেন। যেখানে তিনি বলেন ‘সুষ্ঠু নির্বাচন হলে কাবুল বিমানবন্দর ধরনের দৃশ্য বাংলাদেশেও হতে পারে।’
ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় শহিদ মিনারের সমাবেশে বলেন, আমরা আপনাকে আবারও বলছি, আপনার যদি পাকিস্তানে যাওয়ার ইচ্ছা থাকে, পাসপোর্ট করে পাকিস্তান চলে যান।
এদিকে রাজু ভাস্কর্যের সামনে আরেক সমাবেশে মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুন বলেন, তালেবানের সমর্থনে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আসিফ নজরুল প্রমাণ করেছেন, তারা রাষ্ট্রদ্রোহী ষড়যন্ত্রে লিপ্ত।
এ বিষয়ে আসিফ নজরুল বলেন, আমি বলেছি সুষ্ঠু নির্বাচন হলে কাবুল বিমানবন্দর ধরনের দৃশ্য বাংলাদেশেও হতে পারে। এটার মধ্যে কী দোষের আছে, আমি বুঝতে পারছি না। আমি খুবই হতবাক।
