ইউরোপে পাঠানোর নামে প্রতারণার অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেফতারকৃতরা হলেন—জহিরুল ইসলাম ওরফে রিপন ও আবু ইয়ামিন ওরফে আশিকুর রহমান।
গতকাল পিবিআই ঢাকা মেট্রো দক্ষিণের পুলিশ সুপার মিজানুর রহমান এক সংবাদ সম্মেলনে বলেন, আল-আরাফাত ট্রাভেল অ্যান্ড ট্যুর নামে ভুয়া ট্রাভেল এজেন্সির মাধ্যমে মানুষের কাছ থেকে ইউরোপ, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে পাঠানোর নামে ৩ থেকে ৪ কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই চক্র। অনেকের কাছ থেকে টাকা নেওয়ার পর কথিত অফিস বন্ধ করে দেয়। রাজধানীর গুলশানের ইউনিকর্ন প্লাজায় এই চক্রের অফিসের ঠিকানা থাকলেও বর্তমানে সেখানে তাদের কোনো শাখা বা অফিসের অস্তিত্ব পাওয়া যায়নি। ১৫ থেকে ২০ জনের সংঘবদ্ধ প্রতারক চক্রের মধ্যে কেউ কেউ নিজেকে উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা হিসেবে পরিচয় দিত। তারা চলাফেরা করত দামি গাড়িতে। ভিজিটিং কার্ড বানিয়ে সহজেই মানুষকে বোকা বানিয়ে আসছিল। তারা সরকারি চাকরি দেওয়ার কথা বলেও বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে বলে জানা গেছে।
নিখোঁজ তরুণী উদ্ধার :১১ বছর বয়সি ইমুনা ২০১৮ সালের ২৭ ফেব্রুয়ারি বনশ্রীর ২ নম্বর রোডের বাসা থেকে কাউকে কিছু না বলে বের হয়ে যায়। তাকে খুঁজে না পেয়ে তার বাবা বাদী হয়ে খিলগাঁও থানায় মামলা করেন। খিলগাঁও থানা পুলিশ প্রায় এক বছর তদন্ত শেষে ইমুনাকে উদ্ধার করতে পারেনি। পরে ২০২০ সালের ৩০ জুলাই চূড়ান্ত রিপোর্ট দাখিল করেন পুলিশের তদন্ত কর্মকর্তা। কিন্তু বাদীর নারাজীর পরিপ্রেক্ষিতে আদালত ২৯ নভেম্বর মামলাটি অধিকতর তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক হারুনুর রশিদ বলেন, মামলাটি পিবিআই দায়িত্ব পাওয়ার পরে স্থানীয়ভাবে ইমুনার আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ করা হয়। দুই দিন আগে আমরা জানতে পারি, ইমুনা ঢাকার এক জায়গায় আছে। পরে সেখান থেকে তিনি পালিয়ে এক ছেলের সঙ্গে শেরপুর চলে যায়। পরে স্থানীয় থানা পুলিশের সহযোগিতায় ইমুনাকে উদ্ধার করা হয়।
