বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অত্যন্ত পরিকল্পিতভাবে মঙ্গলবার বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করেছে পুলিশ। তারা নেতাকর্মীদের ওপর হামলা করে রক্তাক্ত করেছে। এখন উলটো নেতাদের বিরুদ্ধে মামলা করছে। এর চেয়ে নোংরা রাজনীতি আর কী হতে পারে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে গতকাল বুধবার কেরানীগঞ্জে দোয়া ও আলোচনাসভায় তিনি এ কথা বলেন। কেরানীগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকট নিপুন রায় চৌধুরী। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন—বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, সাবেক এমপি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য বিলকিস ইসলাম, নাজিম উদ্দীন মাস্টার, জেলা বিএনপির নেতা জয়নাল আবেদিন বাবুল, মোসাদ্দেদ আলী বাবুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
রুহুল কবির রিজভী বলেন, ক্ষমতায় টিকে থাকতে সর্বোচ্চ নিপীড়ন-নির্যাতন করছে সরকার। পুলিশের হামলায় গুরুতর আহত মহানগর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান, সদস্যসচিব আমিনুল ইসলাম ও দলের সহ-প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম হাসপাতালে চিকিত্সা নিচ্ছেন। বিএনপিকে নির্মূল করতে সরকার মরিয়া উল্লেখ করে তিনি বলেন, তারা লোক সমাগম দেখলে ভয় পায়।
