ঢাকা থেকে দিল্লি ও কলকাতা রুটে বিমানের ফ্লাইট চলবে রবিবার থেকে

আপডেট : ১৯ আগস্ট ২০২১, ০০:১০

বিমান বাংলাদেশ এয়ারলাইনস ভারতে ফ্লাইট পরিচালনার জন্য নতুন ফ্লাইট সূচি ঘোষণা করেছে। এয়ার বাবল চুক্তির আওতায় রবিবার (২২ আগস্ট) থেকে ঢাকা-দিল্লি রুটে সপ্তাহে দুই দিন রবি ও বুধবার ফ্লাইট পরিচালনা করবে বিমান। পাশাপাশি ঢাকা-কলকাতা রুটে সপ্তাহে তিন দিন রবি, মঙ্গল ও বৃহস্পতিবার ফ্লাইট পরিচালনা করা হবে। বিমানের যে কোনো সেলস্ অফিস, বিমান কল সেন্টার- ০১৯৯০ ৯৯৭ ৯৯৭ এবং অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে এ রুটের টিকিট সংগ্রহ করা যাবে। যাত্রীদের ফ্লাইটে ওঠার পূর্ববর্তী ৭২ ঘণ্টার মধ্যে আরটি/পিসিআর পরীক্ষা (কোভিড পরীক্ষা) করাতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বিমানের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা থেকে দিল্লি ও কলকাতা রুটে কানাডার ডিহ্যাভিল্যান্ড কর্তৃক তৈরিকৃত অত্যাধুনিক ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজ ব্যবহার করা হবে।