বিশিষ্ট শিল্পপতি আনোয়ার হোসেনের জানাজা ও দাফন আজ

আপডেট : ১৯ আগস্ট ২০২১, ০০:১২

বিশিষ্ট শিল্পপতি, সফল ব্যাবসায়িক ব্যক্তিত্ব এবং আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আলহাজ আনোয়ার হোসেনের জানাজা ও দাফন হবে আজ বৃহস্পতিবার। সকাল সাড়ে ১০টায় ধানমন্ডির বায়তুল আমান জামে মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ জোহর আমলীগোলা শাহী মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরে আজিমপুর কবরস্থানে এ ব্যবসায়ীকে দাফন করা হবে।

জাতীয় সংসদের ঢাকা-৮ আসনের প্রাক্তন সদস্য আনোয়ার হোসেন গত মঙ্গলবার রাত ১০টায় রাজধানীর ল্যাব এইড হাসপাতালে বার্ধক্যজনিত জটিলতায় চিকিত্সাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৪ বছর।

ঢাকা চেম্বারের শোক প্রকাশ

আনোয়ার হোসেনের মৃত্যুতে ডিসিসিআই সভাপতি রিজওয়ান রাহমান, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ ও চেম্বারের সর্বস্তরের কর্মকর্তা/কর্মচারী গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। শোক বিবৃতিতে বলা হয়, আনোয়ার হোসেন ‘ডিসিসিআই ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। রিজওয়ান রাহমান বলেন, তার মৃত্যুতে ডিসিসিআই শুধু একজন অভিভাবককেই হারায়নি, বাংলাদেশের সমগ্র ব্যবসায়ী সমাজ একজন দিকপালকে হারিয়েছে।

বাণিজ্যমন্ত্রীর শোক

আনোয়ার হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বাণিজ্যমন্ত্রী এক শোকবার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ভূমিমন্ত্রীর শোক

এছাড়া গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। মন্ত্রী এক শোকবার্তায় বলেন, আলহাজ আনোয়ার হোসেন দেশের অর্থনীতিতে অবদান রাখা একজন শীর্ষ শিল্পোদ্যোক্তা ও সমাজসেবক হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন।