বঙ্গবন্ধু জনগণকে সম্পৃক্ত করে রাজনৈতিক প্রক্রিয়াকে এগিয়ে নেওয়া শিখিয়েছেন ------------স্পিকার

আপডেট : ১৯ আগস্ট ২০২১, ০০:১২

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, শোষিত-বঞ্চিত-নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠার বলিষ্ঠ কণ্ঠস্বর বঙ্গবন্ধু। তার অদম্য সাহস, দেশপ্রেম, মানুষের জন্য ভালোবাসা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী সত্তা সবার জন্য অনুসরণীয়। পাশাপাশি জনগণকে কীভাবে অধিকার আদায়ের সংগ্রামে সম্পৃক্ত করতে হয় তা তিনি শিখিয়ে গেছেন। তিনি স্বৈরতন্ত্রে নয়, গণতন্ত্রে বিশ্বাস করতেন। জনগণকে সম্পৃক্ত করে রাজনৈতিক প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার শিক্ষা তিনি দিয়ে গেছেন। তার সুদীর্ঘ আন্দোলন-সংগ্রামের সফল পরিণতি স্বাধীন বাংলাদেশ। এরপর তিনি জাতিকে উপহার দিয়ে গেছেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ সংবিধান।

জাতীয় শোক দিবস-২০২১ উপলক্ষ্যে গতকাল বুধবার হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘জ্যোতির্ময় স্মৃতিতে বঙ্গবন্ধু ও বর্তমান বাংলাদেশ’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

শিরীন শারমিন আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দেশকে পিতার আদর্শে এগিয়ে নিয়ে যাচ্ছেন। স্বাধীনতার বিরোধিতাকারী শক্তিকে রুখে দিয়ে বাঙালি ঘুরে দাঁড়িয়েছে। আজকের বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হয়েছে। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা আজ বাস্তবায়নের পথে।

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে ইমেরিটাস অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন। বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. মো. আফজাল হোসেন ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. বিধান চন্দ্র হালদার অনুষ্ঠানে সম্মানিত  আলোচক হিসেবে বক্তব্য রাখেন।