প্রবাসীদের উদ্যোগে যুক্তরাষ্ট্র থেকে আরো ৩১২টি ভেন্টিলেটর আসছে

আপডেট : ১৯ আগস্ট ২০২১, ০০:১৩

প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে যুক্তরাষ্ট্র থেকে আরো ৩১২টি ভেন্টিলেটর আসছে। কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ভেন্টিলেটরগুলো আগামীকাল শুক্রবার মধ্যরাতে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। নিউ ইয়র্ক প্রবাসী প্রফেসর ডা. মাসুদুল হাসান গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, যুক্তরাষ্ট্র প্রবাসী কার্ডিওলজিস্ট প্রফেসর ডা. মাসুদুল হাসান, নেফ্রলজিস্ট প্রফেসর ডা. জিয়াউদ্দিন আহমেদ সাদেক, প্রফেসর ডা. ফাতিমা আহমেদ, কার্ডিওলজিস্ট প্রফেসর ডা. চৌধুরী হাফিজ আহসান, জাতিসংঘের সাবেক কর্মকর্তা মাহমুদ উস শামস চৌধুরী এবং কানাডা প্রবাসী ডা. আরিফুর রহমানের উদ্যোগে এই ভেন্টিলেটরগুলো দেশে আসছে। বিমানবন্দরে ভেন্টিলেটরগুলো গ্রহণ করবেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিত্সক অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ। এছাড়া, পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা রয়েছে।

আমেরিকার তৈরি সম্পূর্ণ নতুন ভেন্টিলেটরগুলোর প্রতিটির দাম প্রায় ১৫ হাজার ডলার। এগুলো অত্যন্ত মানসম্পন্ন ও আকারে ছোট, যা খুব সহজে বহন করা যায়। এসব ভেন্টিলেটর করোনা আক্রান্তদের চিকিত্সায় সহায়তা করবে।

বাংলাদেশি চিকিত্সকরা এর আগেও বিনা মূল্যে ভেন্টিলেটর পাঠানোর ব্যবস্থা করেছেন। এর আগে মোট ৩৭৭টি ভেন্টিলেটর বাংলাদেশে পাঠিয়েছেন। এর মধ্যে ১২৭টি বারডেম হাসপাতালকে দেওয়া হয়েছে।