রওশন এরশাদ এখনো আইসিইউতে

আপডেট : ১৯ আগস্ট ২০২১, ০০:১৩

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) চিফ প্যাট্রন রওশন এরশাদ এখনো ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিত্সাধীন। তার ফুসফুসে অস্বাভাবিক মাত্রায় কার্বন ডাইঅক্সাইডের উপস্থিতির কারণে সোমবার তাকে আইসিইউতে নেওয়া হয়। রওশনপুত্র রাহগীর আল মাহি সাদ এরশাদ এমপি চিকিত্সকদের উদ্ধৃতি দিয়ে গতকাল বুধবার ইত্তেফাককে জানান, তার অবস্থার কিছুটা উন্নতি পরিলক্ষিত হচ্ছে।

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য গত শনিবার সিএমএইচে গেলে পরীক্ষানিরীক্ষার পর চিকিত্সকরা তার ফুসফুসে অস্বাভাবিক মাত্রায় কার্বন ডাইঅক্সাইডের উপস্থিতি দেখতে পান। পরে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।  বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব (এপিএস) মামুন হাসান ইত্তেফাককে জানান, শনিবার হাসপাতালে যাওয়ার পর দেখা যায়, রওশন এরশাদের অক্সিজেন স্যাচুরেশন কম। এরপর মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। যেখানে ফুসফুসে কার্বন ডাইঅক্সাইডের স্বাভাবিক মাত্রা ৫০-৬০ থাকার কথা, সেখানে তার ছিল ২০০-এর বেশি। তবে তার করোনা ও ডেঙ্গু পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।

রওশন এরশাদের আশু রোগ মুক্তি কামনায় জাপার কো-চেয়ারম্যান ও ঢাকা-৪ আসনের এমপি সৈয়দ আবু হোসেন বাবলার ব্যক্তিগত উদ্যোগের এবং ঢাকা মহানগর দক্ষিণ জাপার ব্যবস্থাপনায় গতকাল রাজধানীর শ্যামপুর-কদমতলীর তিনটি মসজিদে বাদ জোহর দোয়া মাহফিল হয়েছে। সন্ধ্যা ৭টায় রামকৃষ্ণ মিশনে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জাপার কেন্দ্রীয় যুগ্ম-সাংগঠনিক সম্পাদক সুদন দে। বাবলার উদ্যোগে গতকাল থেকে কাকরাইলে জাপার কেন্দ্রীয় কার্যালয়ে কোরআনখানি শুরু হয়েছে। রওশন এরশাদ সুস্থ না হওয়া পর্যন্ত প্রতিদিন সেখানে কোরআনখানি হবে। এছাড়া আগামীকাল শুক্রবার বাদ জুমা শ্যামপুর-কদমতলীর প্রতিটি মসজিদে দোয়া মাহফিল হবে।

এদিকে, রওশনের সুস্থতা কামনায় মঙ্গলবার বাদ মাগরিব কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ মাহফিল হয়। জাপা চেয়ারম্যান জি এম কাদেরের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি এবং প্রেসিডিয়াম সদস্য- সাহিদুর রহমান টেপা, মীর আবদুস সবুর আসুদ, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুইয়া, নাজমা আক্তার এমপি, জহিরুল ইসলাম জহির প্রমুখ।