কাপাসিয়ায় পুলিশ নাট্যদলের ‘অভিশপ্ত আগস্ট’ মঞ্চস্থ

আপডেট : ১৯ আগস্ট ২০২১, ০০:২২

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৫ আগস্ট সপরিবারে হত্যার নির্মম ঘটনার ওপর নির্মিত বাংলাদেশ পুলিশ নাট্যদলের নাটক ‘অভিশপ্ত আগস্ট’ জাতীয় শোক দিবস উপলক্ষ্যে কাপাসিয়ায় মঞ্চস্থ হয়েছে। মঙ্গলবার রাতে কাপাসিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে নাটকটি মঞ্চস্থ হয়। কাপাসিয়া থানার ওসি মো. আলম চাঁদ জানান, নাটকটিতে বঙ্গবন্ধুর মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা তুলে ধরা হয়। বিশেষ করে ১৪ আগস্ট ইতিহাসের খলনায়ক খন্দকার মোশতাকের সঙ্গে ঘাতকচক্রের সদস্য মেজর ফারুকসহ অন্যদের বঙ্গবন্ধুকে হত্যার ষড়যন্ত্র এবং ১৫ আগস্ট রাতে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের মর্মান্তিক হত্যার করুণ আলেখ্য নাটকের মূল উপজীব্য। নাটকটির গবেষণা ও তথ্য সংকলনে ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি মো. হাবিবুর রহমান এবং নাট্যরচনা ও নির্দেশনায় ছিলেন নারায়ণগঞ্জের পুলিশ পরিদর্শক মো. জাহিদুর রহমান। গাজীপুর জেলা পুলিশ নাটক মঞ্চায়নের আয়োজন করে। এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনাসভায় গাজীপুরের পুলিশ সুপার এস এম শফিউল্লাহ সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ। মূল আলোচক ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম। আরো বক্তব্য রাখেন সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ শহীদুল্লাহ, কাপাসিয়া উপজেলা চেয়ারম্যান মো. আমানত হোসেন খান।