হিজাব পরে স্কুলে ফিরেছে মেয়েরা

আপডেট : ১৯ আগস্ট ২০২১, ০০:৩১

তালেবান আফগানিস্তানের দখল নেওয়ার মাত্র চারদিনের মাথায় পশ্চিমের হেরাত শহরে মেয়েরা স্কুলে ফিরেছে। ছাত্রীদের করিডরে গল্পগুজব করতে দেখা গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। বোরকা নয়, হিজাব পরে মেয়েদের ক্লাস করতে দেখা যায়। তালেবান ক্ষমতা দখলের পর এই দৃশ্য আর দেখা যাবে না বলেই অনেকে আশংকা করছিলেন। খবর বিবিসির

তালেবান ১৯৯০ এর দশকে যখন আফগানিস্তান নিয়ন্ত্রণ করে, তখন নারী ও অল্পবয়সী মেয়েদের পড়াশোনা ও চাকরির সুযোগ ছিল না। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ-এর মাঠ পর্যায়ের প্রধান মুস্তাফা বেন মেসাউদ তালেবানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতার আলোকে সতর্কতার সাথে হলেও কিছুটা আশাবাদ দেখিয়েছেন। তিনি বলেছেন, তালেবান প্রাথমিকভাবে হলেও মেয়েদের শিক্ষার ব্যাপারে সমর্থন দেখিয়েছে। তিনি বলেছেন তাদের সঙ্গে যে কথাবার্তা হয়েছে তাতে এই আশা তৈরি হয়েছে। তবে সবাই তালেবানের এই আশ্বাসে বিশ্বাস রাখতে পারছে না। শিক্ষার্থী রোকিয়া বলে, আমরা অন্যান্য দেশের মতোই উন্নতি করতে চাই। তালেবান আমাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করুক। আমরা আর যুদ্ধ চাই না। এই দেশে শান্তি চাই।’