বরিশালে ব্যানার খোলাকে কেন্দ্র করে আওয়ামী লীগ-পুলিশ সংঘর্ষ

আপডেট : ১৯ আগস্ট ২০২১, ০০:৫৩

বরিশাল সদর উপজেলা কমপ্লেক্স চত্বর থেকে ব্যানার খোলাকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় তিন পুলিশ সদস্যসহ ৩০ জন আহত হয়েছে।

জানা গেছে, গতকাল বুধবার রাত ৯টার দিকে বরিশাল সিটি করপোরেশনের কর্মীরা উপজেলা কমপ্লেক্স  চত্বরে কিছুদিন আগে টানানো ব্যানার খুলতে গেলে উপজেলা প্রশাসনের লোকজনের সঙ্গে বচসা হয়। এর জের ধরে ছাত্রলীগের নেতাকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়। একপর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে সংঘাত শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দায়িত্বরত আনসার সদস্যরা গুলি ছোড়ে।

পরে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপজেলা কমপ্লেক্স  চত্বর ও সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে দফায় দফায় বিক্ষোভ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে পুলিশের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ বাধে। এতে তিন পুলিশ সদস্যসহ প্রায় ৩০ জন আহত হয়। এ ঘটনায় পাঁচ আওয়ামী লীগ নেতা গুলিবিদ্ধ হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

রাতে অতিরিক্ত পুলিশ ও র্যাব ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন। তবে রাত পৌনে ১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সিটি করপোরেশনের আবর্জনার গাড়ি ও আবর্জনা ঢাকা-বরিশাল মহাসড়কে পড়ে থাকতে দেখা গেছে।