গৌরীপুরে সৌদি নাগরিকের লাশ উদ্ধার, আটক ১

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৫৮

ময়মনসিংহের গৌরীপুরে আবু নাছের আল দুসারী (৪৫) নামে এক সৌদি নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ডৌহাখলা গ্রামের আবু সাইদ সানীর বাড়ি থেকে তার উদ্ধার করা হয়। সানীকে পুলিশ আটক করেছে।

 

আবু সাইদ সানি বলেন, ‘আবু নাছের একজন ভিসা ব্যবসায়ী। ২০ বছর আগে ঢাকার গুলশানের একটি হোটেলে আবু নাছেরের সঙ্গে আমার পরিচয় হয়। সেই থেকে আমরা ভালো বন্ধু এবং তিনি প্রায়ই আমার বাড়িতে অবকাশ যাপনের জন্য আসতো।’

 

তিনি আরো বলেন, ‘বৃহস্পতিবার দুপুরবেলা খাবার খেয়ে আবু নাছের বিছানায় ঘুমিয়ে পড়ে। কিন্তু রাত হয়ে গেলেও তিনি ঘুম থেকে না উঠায় আমি ডাকাডাকি করেও জাগাতে পারিনি। আমি চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে আসে।’

 

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, আবু নাছেরের পাসপোর্ট সূত্রে জানা গেছে তিনি সৌদি আরবের দাম্মাম নগরীর বাসিন্দা। তার বাবার নাম-ফালেহ। আমরা আবু নাছেরের মৃত্যুর কারণ উদযাঘটনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে তদন্ত শেষ না করে মৃত্যুর কারণ বলা যাচ্ছে না। মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

আরো পড়ুন : নেইমারের নামে হেডফোন আনছে অ্যাপল

স্থানীয় সূত্রে জানা গেছে, আবু নাছের আল দুসারী অবকাশ যাপনের জন্য গৌরীপুরের ওই বাড়িতে আসতেন। হলি আর্টিজেনে হামলা সংক্রান্ত ঘটনায় সারাদেশে বিদেশিদের ওপর নানা বিধি নিষেধ আরোপ করায় তিনি সে সময় দেশে চলে যান। এরপরও প্রায়ই তিনি আসতেন এই বাড়িতে। গত বছরের ৯ ডিসেম্বর সানীর বাড়ি ডৌহাখলা গ্রামে আসেন আবু নাসের। এরপর থেকে আবু নাছের আর সানী এক সঙ্গেই থাকতেন।

 

উপজেলা নির্বাহী অফিসার ফারহানা করিম বলেন, আবু নাছেরের মৃত্যুর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে সৌদি দূতাবাসকে জানানো হয়েছে।

 

এদিকে অতিরিক্ত ডিআইজি ড. আক্কাস উদ্দিন ভূইয়া জানান, গৌরিপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের ডৌহাখলা গ্রামের আবু সাইদ সানীকে আটক করে ব্যাপক জিঙ্গাসাবাদ করা হচ্ছে।

 

 

ইত্তেফাক/ইউবি