আফগানিস্তানে সহযোগিতা স্থগিত আইএমএফের

আপডেট : ১৯ আগস্ট ২০২১, ২০:৩৪

আফগানিস্তানের জন্য সব ধরনের সহযোগিতা স্থগিত করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। তালেবান কাবুল দখল করে নেওয়ার প্রেক্ষাপটে দেশটির নতুন সরকারের আন্তর্জাতিক স্বীকৃতির বিষয়টি পরিষ্কার না হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। এদিকে পূর্বঘোষণা ছাড়াই ভারতের সঙ্গে পণ্য পরিবহন বন্ধ করে দিয়েছে তালেবান।

আইএমএফের একজন মুখপাত্র বলেছেন, ‘আফগানিস্তানে একটি সরকারের স্বীকৃতি দেওয়া নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে স্পষ্টতার অভাবের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’  আইএমএফের স্পেশাল ড্রয়িং রাইটসের (এসডিআর) তহবিল থেকেও আফগানিস্তান কোনো সহায়তা পাবে না বলেও জানান তিনি। আইএমএফ মুখপাত্র বলেন, ‘সবসময় যেমনটা হয়, আইএমএফ আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টিভঙ্গী অনুযায়ী পরিচালিত হয়।’ আগামী ২৩ অগাস্ট আইএমএফ থেকে ৩৭ কোটি ডলারেরও বেশি পাওয়া কথা আফগানিস্তানের। এই তহবিল অর্থনৈতিক সংকটে দেওয়া সহায়তার একটি অংশ।

এর আগে বাইডেন প্রশাসন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকে আফগান সরকারের কোনো সম্পদ থাকলে সেটা তালেবান পাবে না। তালেবান যাতে যুক্তরাষ্ট্রের কোনো সহায়তা না পায় এক চিঠিতে মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলনের কাছে সে নিশ্চয়তা চেয়েছেন এক জন কংগ্রেস সদস্য। ঐ চিঠিতে সমর্থন দিয়ে ১৭ জনের স্বাক্ষর রয়েছে। চিঠিতে বলা হয়, ‘যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের বিরুদ্ধে সন্ত্রাসী তত্পরতায় সহযোগিতা করা একটি গোষ্ঠী কোনো শর্ত ছাড়া এসডিআরের বরাদ্দ থেকে প্রায় ৫০ কোটি ডলার পাওয়ার সম্ভাবনা খুবই উদ্বেগের বিষয়।’ এর আগে আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান আজমল আহমাদি জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভে তার দেশের প্রায় ৭০০ কোটি ডলার থাকলেও সেখানে হাত দিতে পারছে না তার দেশ।

এদিকে পূর্ব ঘোষণা ছাড়াই ভারতের সঙ্গে সীমান্ত বাণিজ্য বন্ধ করে দিয়েছে তালেবান। সীমান্ত দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ করে দেওয়ায় দেখা দিয়েছে জটিলতা। ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অরগানাইজেশন (এফআইইও) এমন তথ্য জানিয়েছে। পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে অবস্থিত দুইটি বাণিজ্যিক টার্মিনালও বন্ধ করে দেয় গোষ্ঠীটি।

ভারতীয় রপ্তানিকারক সংস্থাগুলোর দাবি করছে, পাকিস্তানের দিকে পণ্য পরিবহনে বাধা দিচ্ছে তালেবান গোষ্ঠী। দুই দেশের পণ্যবাহী কার্গো চলাচলে বাধার মুখে পড়ায় বিপুল অর্থের পণ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছে ভারত। এদিকে ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, বাণিজ্যসহ বিভিন্ন খাতে ভারতের সঙ্গে আফগানিস্তানের দীর্ঘদিনের সম্পর্ক। আফগানিস্তানে ভারতের বিনিয়োগের পরিমাণও অনেক। দেশটিতে ভারতের প্রায় ৪০০টি প্রকল্প চলছে। তালেবান কাবুল দখল করে নেওয়ায় হুমকির মুখে পড়েছে প্রকল্পগুলো।