একই মায়ের গর্ভে জন্ম তাদের। একই পরিণতি হলো দুজনের। একই আকাশ থেকে তাদের পরপর খসে পড়তে দেখল সারা দুনিয়া। তালেবান কাবুল দখলে নেওয়ার পর অনেকের মতো তারাও পালাতে চেয়েছিলেন দেশ ছেড়ে। কিন্তু জায়গা পাননি বিমানের মধ্যে। মরিয়া চেষ্টায় আঁকড়ে ধরেছিলেন বিমানের ল্যান্ডিং গিয়ার। ভেবেছিলেন, ঐভাবেই পালাবেন তালেবানের হাত থেকে। বোঝেননি, বিমানের ল্যান্ডিং গিয়ার ধরে ঝুলতে ঝুলতে বেশি দূর যাওয়া যায় না। বোঝেননি, কাবুলের আকাশসীমা ছাড়ানোর আগেই তাদের খসে পড়তে হবে ভূখণ্ডে। যে দৃশ্য দেখে শিউরে উঠবে সারা পৃথিবী। সোমবারের সেই ঘটনা এক ধাক্কায় আফগানিস্তান তথা কাবুলের দিকে দৃষ্টি ফিরিয়ে দিয়েছিল সারা পৃথিবীর। এমন ঘটনা, যা সম্প্রতিকালে দেখেননি কেউ। দুই ভাইয়ের নাম রেজা এবং কবীর। তারা একই মায়ের সন্তান। বিমান থেকে পড়ে যাওয়ার পর কবীর এখনো নিখোঁজ। রেজার ছিন্নভিন্ন দেহ উদ্ধার করা সম্ভব হলেও এখনো কোনো হদিস মেলেনি কবিরের। তার খোঁজে দিশেহারা পরিবার। কবীরের পরিজনদের কথায়, ‘আমরা রেজাকে হারিয়েছি। কিন্তু এখনো কবীরের আশায় বুক বাঁধছি।’ একের পর এক হাসপাতালে ছুটে বেড়িয়েছেন কবীরের বাবা-মা। কিন্তু গতকাল পর্যন্ত কোথাও পাননি কবীরকে। তারা বলেন, ‘জীবিত বা মৃত যে ভাবেই হোক কবীরকে যেন ফিরে পাই। আমরা সেটুকু সান্ত্বনাই চাইছি।’
মোট আট ভাইবোনের মধ্যে রেজা এবং কবীর ছিলেন পিঠাপিঠি দুই ভাই। দুজনের বয়সও প্রায় কাছাকাছি। প্রতিবেশীদের কাছে তারা খবর পেয়েছিলেন, ২০ হাজার মানুষকে উদ্ধার করে নিয়ে যাবে আমেরিকা। তারপর কানাডা বা আমেরিকায় তাদের আশ্রয়ের ব্যবস্থা করা হবে। —আনন্দবাজার পত্রিকা
