সিলিন্ডার গ্যাসের মূল্য

আপডেট : ১৯ আগস্ট ২০২১, ২১:২২

রান্নার কাজের জন্য গ্যাস গুরুত্বপূর্ণ উপকরণ। গ্যাস লাইন বিহীন শহরাঞ্চলের সব রান্নার কাজ সিলিন্ডার গ্যাসের মাধ্যমে সম্পন্ন হয়। নগরাঞ্চলে গ্যাস ছাড়া রান্না করা প্রায় অসম্ভব। বর্তমানে গ্রামাঞ্চলেও রান্নার কাজে সিলিন্ডার গ্যাসের ব্যবহার বেশ  লক্ষণীয়। এখন দেশের অসংখ্য পরিবার সিলিন্ডার গ্যাসের মাধ্যমে রান্নার কাজ করছে। কিন্তু বর্তমানে সিলিন্ডার গ্যাস কিনতে গেলে আর্থিক বিড়ম্বনার শিকার হতে হচ্ছে।  স্থানীয় গ্যাস ব্যবসায়ীরা মাত্রাতিরিক্ত দামে সিলিন্ডার গ্যাস বিক্রি করছেন। অথচ ফিলিং স্টেশনে  প্রতি কেজি সিলিন্ডার গ্যাসের মূল্য মাত্র ৩৫ টাকা। ১৩ কেজি গ্যাস ভর্তি একটা সিলিন্ডারের মূল্য ৪৫৫ টাকায় ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হয়। তাঁরা এই ১৩ কেজির গ্যাস সিলিন্ডারগুলো বিক্রি করেন ১০০০ থেকে ১১০০ টাকায়। শুধু তাই নয় এই গ্যাস সিলিন্ডার দেশের এক অঞ্চলে এক এক রকম মূল্যে বিক্রি হচ্ছে। ব্যবসায় লাভ করা ব্যবসায়ীদের উদ্দেশ্য। কিন্তু ক্রয়মূল্যের তুলনায় ১২০ শতাংশ বাড়তি লাভ করা খুবই দুঃখজনক। এই করোনাকালে মানুষ চরম আর্থিক সমস্যায় জর্জরিত। ফলে উচ্চমূল্যে গ্যাস সিলিন্ডার কিনতে গিয়ে হিমশিম খাচ্ছে তারা। এ অবস্থায়, ফিলিং স্টেশনের মূল্য বিবেচনা করে সিলিন্ডার গ্যাসের একটা ন্যায্য  মূল্য নির্ধারিত করে দেওয়া উচিত, যাতে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে। এ ব্যাপারে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

আসাদুজ্জামান সম্রাট

শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়