শতভাগ গণপরিবহন চালুর প্রথম দিনেই যানজট

আপডেট : ১৯ আগস্ট ২০২১, ২১:২৫

স্বাস্থ্যবিধি মেনে সড়ক, রেল ও নৌপথে শতভাগ গণপরিবহন চলাচলের অনুমতি দিয়েছে সরকার। ফলে গতকাল থেকে চলাচল শুরু হয়েছে এসব পরিবহন। টানা ১৯ দিন পর গত ১১ আগস্ট থেকে সীমিত আকারে গণপরিবহন চলাচলের অনুমতি দেয় সরকার। ঐ সময় থেকে মোট গণপরিবহনের অর্ধেক চলাচল করলেও গতকাল থেকে রাস্তায় শতভাগ গণপরিবহন চলাচল শুরু করেছে। গতকাল  সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, গত কয়েক দিনের তুলনায় সড়কে গণপরিবহনের পাশাপাশি অন্যান্য যানবাহনের উপস্থিতি তুলনামূলক বেশি। এ ছাড়া বেশ কিছু সড়কে যানজটের পাশাপাশি যানবাহনগুলো ধীরগতিতে চলেছে।

রাইদা বাসের চালক হাবিবুর রহমানের সঙ্গে কথা হয় উত্তর বাড্ডা এলাকায়। তিনি বলেন, সকালের দিকে যাত্রীর চাপ বেশি থাকলেও পরে তা কিছুটা কমে আসে। তবে সড়কে যানবাহনের চাপ ক্রমবর্ধমান।

গুলশান-বাড্ডা লিংক রোডে কথা হয় মিরপুর থেকে বনশ্রীর মধ্যে চলাচলকারী আলিফ বাসের সহকারী বাবুল মিয়ার সঙ্গে। তিনি বলেন, মিরপুর থেকে বাড্ডা পর্যন্ত পুরো সড়কে ধীরগতিতে আসতে হয়েছে। শুধু আগারগাঁও থেকে জাহাঙ্গীর গেটের আগ পর্যন্ত যানজট কম ছিল।

এ ছাড়া মোটামুটি সব সড়কেই  যানবাহনের ধীরগতি দেখা গেছে। সড়কে শতভাগ গণপরিবহন চলাচল-সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বুধবার  বিআরটিএ সদর দপ্তরের পরিচালক (প্রকৌশল) শীতাংশু শেখর বিশ্বাসের সই করা বিজ্ঞপ্তিটি জারি করা হয়। করোনা সংক্রমণের পরিস্থিতি বিবেচনায় মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার আলোকে এ বিজ্ঞপ্তি জারি করেছে বিআরটিএ। এতে বলা হয়, সড়কে শতভাগ গণপরিবহন চালানোর জন্য কয়েকটি শর্ত মানতে হবে।

শর্তে বলা হয়েছে, আগের ভাড়ায় (৬০ শতাংশ বর্ধিত ভাড়া প্রযোজ্য হবে না) গণপরিবহন চলবে। অতিরিক্ত ভাড়া কোনোভাবেই আদায় করা যাবে না। গণপরিবহনের যাত্রী, চালক, সুপারভাইজার-কনডাক্টর, হেলপার-কাম ক্লিনার এবং টিকিট বিক্রয়কেন্দ্রের দায়িত্বে নিয়োজিতদের মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে। তাদের জন্য হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। যাত্রার শুরু ও শেষে যানবাহন পরিষ্কার-পরিচ্ছন্ন করাসহ জীবাণুনাশক দিয়ে জীবাণুমুক্ত করতে হবে। এ ছাড়া যাত্রীদের হাতব্যাগ, মালপত্র জীবাণুনাশক ছিটিয়ে জীবাণুমুক্ত করার ব্যবস্থা করতে হবে যানবাহনের মালিকদের।

শর্তে আরো বলা হয়েছে, গণপরিবহনে স্বাস্থ্যবিধি-সংক্রান্ত অন্যান্য প্রয়োজনীয় বিষয় মেনে চলতে হবে। অন্যথায় সংশিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নির্দেশনা কার্যকর থাকবে বলে জানিয়েছে বিআরটিএ। এর আগে অর্ধেকসংখ্যক গণপরিবহন চলাচলের নির্দেশনা দিয়েছিল সরকার। নতুন নির্দেশনার পর তা আর কার্যকর থাকছে না।