তালেবানের পক্ষ নিয়ে ডা. জাফরুল্লাহ ও বিএনপির বক্তব্য কি একই

আপডেট : ১৯ আগস্ট ২০২১, ২১:২৫

তালেবানের পক্ষ নিয়ে ডা. জাফরুল্লাহ আর বিএনপির একই বক্তব্য কি না প্রশ্ন রেখেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। গতকাল সন্ধ্যায় বাংলামোটরে শেল রোজ অ্যান্ড ডেল ভবনে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড আয়োজিত ‘ভয়াল ১৫ আগস্ট :শোক থেকে শক্তি’ আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ প্রশ্ন রাখেন।

তালেবান উত্থানে এদেশে কোনো প্রভাব পড়বে কি না এবং ইতিমধ্যেই ডা. জাফরুল্লাহ তালেবানদের মুক্তিযোদ্ধা বলে আখ্যা দিয়েছেন, এ বিষয়ে প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, ‘আফগানিস্তানের শান্তি-স্থিতি আঞ্চলিক ও বিশ্ব শান্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ অঞ্চলের কোনো দেশে যদি শান্তি-স্থিতি বিনষ্ট হয় বা জঙ্গিবাদের উত্থান হয়, পুরো অঞ্চলের ওপর তার প্রভাব পড়া স্বাভাবিক। আমরা সব সময় শান্তি প্রত্যাশা করি।’ এর আগে সভায় ড. হাছান মাহমুদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত সব শহিদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘বঙ্গবন্ধু যেভাবে মানুষকে উদ্দীপ্ত করেছিলেন, তা শুধু এদেশে নয়, বিশ্বেও বিরল।’

সভার বিশেষ অতিথি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার অনলাইনে যুক্ত হয়ে বলেন, ‘বাংলাদেশের সংবিধান বিশ্বের অন্যতম সেরা, যা বঙ্গবন্ধু দিয়ে গেছেন এবং তার আদর্শেই দেশকে সোনার বাংলায় রূপ দিচ্ছেন তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর ডিজিটাল প্রযুক্তির সুবিধা আজ দেশ জুড়ে বিস্তৃত হয়েছে, সে অবদান বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়ের।’ বিসিএসসিএল চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদের সভাপতিত্বে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার সম্মানীয় অতিথি হিসেবে এবং সংস্থার পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ তাদের বক্তৃতায় বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর আলোকপাত করেন।