দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ড. নজরুল ইসলাম জাতিসংঘের উন্নয়ন গবেষণা প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন। ড. নজরুল অর্থনীতিতে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট এবং রাশিয়ার মস্কো রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি লাভ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, এমোরি বিশ্ববিদ্যালয়, কিয়ুশু বিশ্ববিদ্যালয় এবং সেন্ট জোন্স বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন এবং ২০০৬ সালে জাতিসংঘে যোগ দেন। অর্থনৈতিক প্রবৃদ্ধি, রূপান্তর, স্থায়িত্বশীল উন্নয়ন, রাজনৈতিক অর্থনীতিসহ অর্থনীতির বিভিন্ন বিষয়ে মৌলিক অবদানের মাধ্যমে ড. নজরুল অন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছেন। তিনি ২০টি গবেষণা গ্রন্থ এবং খ্যাতনামা বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত বহু প্রবন্ধের রচয়িতা।
বাংলাদেশের উন্নয়ন সমস্যাবলি ড. নজরুলের গবেষণার একটি মূল বিষয়বস্তু। এসব বিষয়ে তিনি ১০টি গবেষণাগ্রন্থ এবং বহুসংখ্যক প্রবন্ধ দেশে এবং বিদেশে প্রকাশ করেছেন। তার মধ্যে রয়েছে বাংলাদেশের উন্নয়ন সমস্যা (১৯৮৭), আগামী দিনের বাংলাদেশ (২০১২), Let the Delta be a Delta-The Way to Protect Rivers of Bangladesh (২০১৬) এবং Governance for Development: Political and Administrative Reforms in Bangladesh (২০১৬)।
১৯৯৮ সালে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক-বেন’-এর প্রতিষ্ঠাতা এবং ২০০০ সালে ‘বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’-এর প্রতিষ্ঠায় উদ্যোক্তার ভূমিকা পালন করেন। মনোরোগ বিশেষজ্ঞ স্ত্রী ডা. তানভিরা ইসলাম, পুত্র রাহুল এবং কন্যা নুসায়বাহসহ ড. নজরুল নিউ ইয়র্কে বসবাসরত। —প্রেস বিজ্ঞপ্তি
