ফতুল্লায় ইয়াবাসহ দুই নারী গ্রেফতার

আপডেট : ১৯ আগস্ট ২০২১, ২১:২৮

ফতুল্লার মাহমুদপুর থেকে ইয়াবা ট্যাবলেটসহ দুই নারী মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। বুধবার রাতে তাদের ফতুল্লা থানার মাহমুদপুরস্থ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনের রাস্তা থেকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৬ হাজার ৭৫০ টাকা উদ্ধার করে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয় অপর এক মাদক ব্যবসায়ী। গ্রেফতারকৃতরা হলো—কুমিল্লা জেলার কোতোয়ালি থানার শাসনগাছার রাব্বি মিয়া ওরফে রনির স্ত্রী বর্ষা আক্তার ও একই এলাকার পশ্চিম রেসকোর্সের মমিনের স্ত্রী লাকী বেগম । ফতুল্লা থানা সূত্রে জানা গেছে, বুধবার রাত ১২টার দিকে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক এস এম শামীম সঙ্গীয় ফোর্সসহ ফতুল্লা থানার মাহমুদপুরস্থ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনের রাস্তায় অভিযান চালিয়ে বর্ষা আক্তার ও লাকী বেগমকে গ্রেফতার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয় মাসদাইর এলাকার শুভ নামক অপর এক মাদক ব্যবসায়ী। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছে।