স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নান্দাইল-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়ক যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ফলে এ সড়ক দিয়ে প্রতিদিন হাজারো যাত্রীবাহী ও মালবাহী পরিবহন চলাচলে চরম দুর্ভোগ পোহাচ্ছে। ইতোমধ্যে সড়কটির বিভিন্ন জায়গা দেবে ও কার্পেটিং উঠে ছোট-বড় অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এতে প্রায়ই যানবাহন উলটে দুর্ঘটনা ঘটছে।
সরেজমিনে দেখা গেছে, ১৭ কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে পিচ, ইট-পাথর উঠে গিয়ে খানাখন্দ সৃষ্টি হয়েছে। এসব খানাখন্দে পানি জমে বেহাল অবস্থায় পরিণত হয়েছে সড়কটি। তবে সড়কের কিছু গর্তে ইটের টুকরা ফেলে চলাচলের উপযোগী করলেও তা সপ্তাহ যেতে না যেতেই একই অবস্থায় ফিরে আসে। এ সড়কে চলাচলকারী ভুক্তভোগী সিএনজিচালক আ. সাত্তার, অটোরিকশাচালক কামরুল, রবিসহ অনেকেই জানান, বর্তমানে এ সড়ক দিয়ে যানবাহন যাওয়াত তো দূরের কথা হেঁটে যাওয়াও কঠিন হয়ে পড়েছে। চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সব শ্রেণি পেশার মানুষকে। ফলে নান্দাইল যাওয়ার বিকল্প সড়ক চামটা-শেরপুর হয়ে চলাচল করতে হচ্ছে তাদের।
স্থানীয়রা বলেন, সড়ক সংস্কারের বছর না ঘুরতেই বেহাল অবস্থার কারণে জনগণের চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে। তারা সড়কটি দ্রুত সংস্কার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নান্দাইল উপজেলা প্রকৌশলী আল আমিন সরকার বলেন, সড়কটি স্থায়ীভাবে পুনঃসংস্কারের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। কাজের আদেশ প্রক্রিয়াধীন রয়েছে। দরপত্র পাশ হলেই সড়কটি দ্রুত সংস্কার করা হবে।
