সংবাদ সংক্ষেপ

আপডেট : ১৯ আগস্ট ২০২১, ২১:৩৫

হালদায় তিন ইঞ্জিনচালিত নৌকা ধ্বংস

রাউজান (চট্টগ্রাম) সংবাদদাতা ‘বঙ্গবন্ধু মত্স্য হেরিটেজ’ ঘোষিত দেশের একমাত্র প্রাকৃতিক মত্স্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর জীববৈচিত্র্য রক্ষায় অভিযান চালিয়ে তিনটি ইঞ্জিনচালিত বালুবাহী নৌকা ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে হালদার সর্তা মোহনায় ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা করে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ দৈনিক ইত্তেফাককে বলেন, হালদার জীববৈচিত্র্য রক্ষায় অভিযান পরিচালনা করে তিনটি অবৈধ ইঞ্জিনচালিত নৌকা ধ্বংস করেছি।

ত্রাণ ও কল্যাণ তহবিলের চেক বিতরণ

চাটমোহর (পাবনা) সংবাদদাতা চাটমোহরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে ২৬ জন ব্যক্তি ও তাদের স্বজনদের মধ্যে ১২ লাখ ১০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম নজরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মো. মকবুল হোসেন এমপি।

পানি সরবরাহ কাজের উদ্বোধন

হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা হাকিমপুর পৌরসভায় ২ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে ৯টি ওয়ার্ডে পাইপলাইনের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহ কাজের উদ্বোধন করেন পৌর মেয়র জামিল হোসেন চলন্ত। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে পৌর শহরের চন্ডিপুর এলাকায় এই কাজের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী এস এম রায়হান হোসেন, পৌর প্রকৌশলী আব্দুর রাজ্জাক প্রমুখ।

সেলিম আল দীনের ৭২তম জন্মবার্ষিকী উদ্যাপন

জয়পুরহাট প্রতিনিধি জয়পুরহাটের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন শান্তিনগর থিয়েটারের উদ্যোগে নাট্যচার্য সেলিম আল দীনের ৭২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। বুধবার সন্ধ্যায় শান্তিনগর থিয়েটার কার্যালয়ে নাট্যচার্য সেলিম আল দীনের কর্মময় জীবন নিয়ে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। শান্তিনগর থিয়েটারের সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন শান্তিনগর থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি হেলাল উদ্দিন, নিনাদ আবৃত্তি পরিষদের সভাপতি আমিনুর রহমান সুইট, সাধারণ সম্পাদক শাহনেওয়াজ প্রমুখ।

অক্সিজেন সিলিন্ডার প্রদান

নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনার করোনা আক্রান্ত মুমুর্ষু রোগীদের দ্রুত চিকিত্সার জন্য অগ্রণী ব্যাংক (লি.) ময়মনসিংহ সার্কেল থেকে নেত্রকোনা জেলা প্রশাসকের কাছে ৫০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে। বুধবার বিকালে এই সিলিন্ডারগুলো প্রদান করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে নেত্রকোনা সদর হাসপাতালের জন্য ৫০টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন অগ্রণী ব্যাংক লিমিটেডের নেত্রকোনা অঞ্চলের সহকারী ব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোহাম্মদ রফিকুল ইসলাম।