মিঠুন বাদ, ফিরলেন মুশফিক-লিটন

আপডেট : ১৯ আগস্ট ২০২১, ২১:৩৬

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন, নাঈম শেখ, নুরুল হাসান সোহান, শামীম পাটোয়ারী, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, সাইফউদ্দিন, শরীফুল ইসলাম, তাইজুল ইসলাম, শেখ মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব ও নাসুম আহমেদ।

স্পোর্টস রিপোর্টার

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে দলে থাকলেও ম্যাচ খেলা হয়নি মোহাম্মদ মিঠুনের। অবশ্য জিম্বাবুয়ে সফরে ব্যাটে রান না পাওয়ায় সমালোচনার তোপে ছিলেন মিঠুন। তাকে দলে রাখায় নির্বাচকদের মুন্ডুপাত হচ্ছিল বেশ। অবশেষে নির্বাচকরাও হাত তুলে নিলেন। গতকাল নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টি-২০ সিরিজের জন্য ঘোষিত বাংলাদেশ দল থেকে বাদ পড়েছেন মিঠুন।

তবে নির্বাচকরা বেশ সদয় মনোভাব দেখালেন সৌম্য সরকারের প্রতি। হোম কন্ডিশনে সর্বশেষ সিরিজে ৫ ম্যাচে ২৮ রান করলেও দলে টিকে গেছেন সৌম্য।

গতকাল হোম সিরিজের জন্য ১৯ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। অস্ট্রেলিয়া সিরিজের দল থেকে বাদ পড়েছেন শুধু মিঠুন। পরপর দুটি সিরিজে (জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া)  কোনো ম্যাচ না খেললেও দলে রাখা হয়েছে রুবেল হোসেন ও তাইজুল ইসলামকে। দলে ফিরলেন মুশফিকুর রহিম, লিটন কুমার দাস ও আমিনুল ইসলাম বিপ্লব।

কিছুটা সম্ভাবনা উঁকি দিলেও ফেরা হয়নি তামিম ইকবালের। হাঁটুর ইনজুরি কাটিয়ে উঠতে পারেননি তিনি। তাই টানা তৃতীয় টি-২০ সিরিজ তামিমকে ছাড়াই খেলবে বাংলাদেশ দল।

পারিবারিক কারণে জিম্বাবুয়ে সফরে খেলা হয়নি মুশফিক, বিপ্লবের। একই কারণে টি-২০ সিরিজের আগেই জিম্বাবুয়ে থেকে দেশে ফিরেছিলেন লিটন। পরে জৈব সুরক্ষা বলয়ে নির্ধারিত সময়ে ঢুকতে না পারায় তারা অস্ট্রেলিয়ার বিপক্ষেও খেলতে পারেননি।

টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে অক্টোবর, নভেম্বরে। বিশ্বকাপের আগে নিজেদের ঝালাই করে নেওয়ার জন্য বাংলাদেশের সামনে বড় সুযোগ নিউজিল্যান্ড সিরিজ। কারণ বিশ্বকাপ খেলতে নামার আগে আর কোনো সিরিজ নেই টাইগারদের।

তাই স্পষ্টত এ দলটা থেকেই চূড়ান্ত হবে বাংলাদেশের বিশ্বকাপের দল। এই ১৯ ক্রিকেটারের বাইরে শুধু তামিম ইনজুরি কাটিয়ে ফিট হলে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত হবেন। এর বাইরে আর কারো সম্ভাবনা নেই আচমকা দলে সুযোগ পাওয়ার।

এদিকে আগামী ২৪ আগস্ট বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। আজ দলটির দুই জন ক্রিকেটার ঢাকায় আসছেন। দ্য হান্ড্রেড টুর্নামেন্ট খেলে লন্ডন থেকে দলের আগেই ঢাকায় আসবেন ফিন অ্যালেন ও কলিন ডি গ্র্যান্ডহোম।