নতুন একটি বিজ্ঞাপনে কাজ করলেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। বন অধিদপ্তরের ১ মিনিটের একটি বিজ্ঞাপনে মডেল হয়েছেন তিনি। ফাহিম মালেক ইভানের পরিচালনায় সম্প্রতি কুয়াকাটায় বিজ্ঞাপন চিত্রটির শুটিং সম্পন্ন হয়েছে।
‘মুজিব বর্ষের আহ্বান, লাগাই গাছ বাড়াই বন’—প্রতিপাদ্য ধারণ করে জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী স্মরণীয় করে রাখার লক্ষ্যে দেশব্যপী ১ কোটি বনজ, ফলদ ও ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। সেই কর্মসূচির প্রচারণার লক্ষ্যে বন অধিদফতর এই বিজ্ঞাপনটি নির্মাণ করেছে।
এ প্রসঙ্গে জ্যোতিকা জ্যোতি বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীকে স্মরণীয় রাখার জন্য এই উদ্যোগ। বন মন্ত্রণালয়ের এমন উদ্যোগে আমি ব্যক্তিগতভাবে খুবই খুশি। কারণ দুটোই আমার প্রিয় বিষয়, বঙ্গবন্ধু ও বনায়ন। সেই কাজের অংশীদার হয়ে পেরে অনেক ভালো লাগছে। বিজ্ঞাপনটি শিগগিরই সকল টিভি চ্যানেলে প্রচার শুরু হবে।’ উল্লেখ্য, অভিনয় ও প্রযোজনার পাশাপাশি করোনা মহামারির এই সময়ে জ্যোতিকা জ্যোতি ব্যস্ত সময় পার করছেন কৃষিপণ্য উত্পাদন ও বিপণনের কাজে। এরইমাঝে তিনি গড়ে তুলেছেন খনা অর্গানিক নামের একটি প্রতিষ্ঠান।
