দক্ষিণী সিনেমার পাশাপাশি বলিউড সিনেমায়ও সমানতালে কাজ করছেন অভিনেত্রী রাকুলপ্রীত সিং। বর্তমানের তার হতে রয়েছে বেশ কয়েকটি সিনেমার কাজ। সেই তালিকায় রয়েছে নির্মাতা রঞ্জিত এম তেওয়ারির ‘রক্ষাসুডু’ সিনেমার হিন্দি রিমেকের কাজ। ‘সিন্ড্রেলা’ শিরোনামের এই সিনেমাটিতে রাকুল বলিউড স্টার অক্ষয় কুমারের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন। বেশ কিছুদিন ধরেই শুটিং শুরুর পরিকল্পনা করা হলেও অক্ষয়ের কারণে সেটা সম্ভব হচ্ছিল না। অক্ষয়ের ‘বেলবটম’ সিনেমাটির মুক্তি নিয়ে অপেক্ষা করতে হচ্ছিল তাদের। তবে অবশেষে শুটিংফ্লোরে গড়াচ্ছে সিনেমাটি। আজ থেকে যুক্তরাজ্যের সিনেমাটির প্রথম লটের শুটিং শুরু হচ্ছে। এ নিয়ে উচ্ছ্বসিত রাকুল বলেন, ‘বেশ আগে থেকেই শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু সবাইকে অক্ষয়ের অপেক্ষায় থাকতে হয়েছিল। এবার প্রতীক্ষার পালা শেষ হলো। শুটিংয়ের আগে অনেকটাই নার্ভাস লাগছে। কারণ রিমেকে কাজ করা খুব বেশি চ্যালেঞ্জের। তবে আগের সিনেমাটি যেমন দর্শকপ্রিয়তা পেয়েছিল, আশা করছি এবারো তার ব্যতিক্রম ঘটবে না। দারুণ গল্প আর অক্ষয়ের মতো স্টারের সঙ্গে স্ক্রিন শেয়ার আমার ক্যারিয়ারে নতুন কিছু যোগ করবে।’ উল্লেখ্য, সিনেমাটিতে অক্ষয় কুমার একজন সাব-ইন্সপেক্টর এবং রাকুলপ্রীত সিং একজন সিরিয়াল লেডি কিলারের চরিত্রে অভিনয় করবেন।
