আগামী সেপ্টেম্বর মাস থেকে আমদানি-পরবর্তী অর্থায়ন বা পোস্ট ইমপোর্ট ফিন্যান্সিং (পিআইএফ) প্রতি তিন মাস অন্তর বাংলাদেশ ব্যাংককে জানাতে হবে। বুধবার (১৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব সাইট সুপারভিশন এ বিষয়ে নির্দেশনা দিয়েছে। নির্দেশনার চিঠি সব তপশিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী বরাবর পাঠানো হয়।
নির্দেশনায় বলা হয়েছে, আমদানি-পরবর্তী অর্থায়ন বা পোস্ট ইমপোর্ট ফাইন্যান্সিং (পিআইএফ) প্রতি তিন মাস অন্তর হার্ড ও সফট কপি ডিপার্টমেন্ট অব সাইট সুপারভিশনে দাখিল করতে হবে। একই সঙ্গে বিবরণীর একটি অনুলিপি ব্যাংকিং প্রবিধি ও নীতি (বিআরপিডি) বিভাগের টাস্কফোর্স সেলেও পাঠাতে হবে। এ নির্দেশনা চলতি বছরের সেপ্টেম্বরে সমাপ্ত ত্রৈমাসিক হতে কার্যকর হবে। বিআরপিডি সার্কুলার নং-১২/২০২১-এর অন্যান্য শর্ত ও নির্দেশনা অপরিবর্তিত থাকবে।
