নভোএয়ারের ঢাকা-কক্সবাজার রুটে আরও ৪টি ফ্লাইট যুক্ত হচ্ছে। শুক্রবার (২০ আগস্ট) থেকে প্রতিদিন ছয়টি করে ফ্লাইট চলবে এ রুটে। বৃহস্পতিবার (১৯ আগস্ট) নভোএয়ারের এক প্রেস রিলিজে এ তথ্য জানায়।
এতে বলা হয়, স্বাস্থ্যবিধি মেনে ঢাকা থেকে প্রতিদিন সকাল সাড়ে ৮টা ও সাড়ে ৯টায়, দুপুর ১২টা ও বেলা ১টা ৩০ মিনিট, বেলা ৩টা ও বিকেল ৪টা ২০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যাবে এসব ফ্লাইট। এ ছাড়া ঢাকার উদ্দেশে কক্সবাজার থেকে ফ্লাইটগুলো ছেড়ে যাবে সকাল ১০টা ৫ মিনিট ও বেলা ১১টা ৫ মিনিট, দুপুর ১টা ৩৫ মিনিট, বেলা ৩টা ৫ মিনিট, বিকেল ৪টা ৩৫ মিনিট এবং ৫টা ৫৫ মিনিটে।
একই সঙ্গে কক্সবাজারে ভ্রমণ প্যাকেজও ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। দুই রাত তিন দিনের এই প্যাকেজে অন্তর্ভুক্ত থাকছে বিমান ভাড়া, হোটেল ভাড়া, বিমানবন্দর থেকে হোটেল যাওয়া-আসা ও সকালের নাশতা। কক্সবাজারের শীর্ষ ৮টি হোটেলে বিনা সুদে ৬ মাসের সহজ কিস্তিতে এই প্যাকেজে ভ্রমণ করতে পারবেন। জনপ্রতি সর্বনিম্ন ১ হাজার ৯০০ টাকার মাসিক কিস্তিতে ইএমআইয়ে অর্থ পরিশোধের সুযোগ রয়েছে।
নভোএয়ার বর্তমানে প্রতিদিন ঢাকা থেকে কয়েকটি রুটে ফ্লাইট পরিচালনা করছে। এর মধ্যে চট্টগ্রাম রুটে ৬টি, যশোর রুটে ৬টি, সৈয়দপুর রুটে ৬টি, সিলেট রুটে ২টি, বরিশালে ২টি এবং রাজশাহী রুটে চলছে ২টি করে ফ্লাইট।
ইত্তেফাক/এসজেড
