পরীমনি ফের এক দিনের রিমান্ডে

আপডেট : ১৯ আগস্ট ২০২১, ২৩:০৯

চিত্রনায়িকা পরীমনির তৃতীয় দফায় আরো এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলামের আদালতে শুনানি শেষে তিনি এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু এ তথ্য নিশ্চিত করে বলেন, বনানী থানার মাদক মামলায় তদন্ত কর্মকর্তা মামলার সুষ্ঠু তদন্তের প্রয়োজনে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। এ সময় আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক এ আদেশ দেন। গতকাল সকাল ৮টা ২৫ মিনিটে পরীমনিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা আদালতে আনা হয়। পরে তাকে আদালতের হাজতখানায় রাখা হয়। এরপর সাড়ে ১১টার দিকে নেওয়া হয় আদালতের কাঠগড়ায়। কাঠগড়ায় উঠেই কাঁদতে থাকেন পরীমনি। বারবার তাকে হাত দিয়ে চোখের পানি মুছতে দেখা যায়।

এর আগে পরীমনিকে দেখতে আদালত প্রাঙ্গণে বৃহস্পতিবারও ছিল উত্সুক জনতার ভিড়। ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। আদেশ শেষে পরীমনিকে দুপুর সোয়া ১২টার দিকে এজলাস কক্ষের কাঠগড়া থেকে লিফটে করে আদালত ভবনের অষ্টম তলা থেকে নিচে নামানো হয়। এ সময় সাংবাদিক, আইনজীবীদের ভিড় ও ধাক্কাধাক্কিতে গারদখানার গেটের সামনে দুই নারী পুলিশ সদস্যসহ পড়ে যান পরীমনি। এ সময় তাকে খুবই বিমর্ষ দেখাচ্ছিল।

এদিকে চিত্রনায়িকা পরীমনিকে বারবার রিমান্ডে নেওয়ার আইনগত প্রশ্ন তুলে হাইকোর্টের নজরে আনেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে বিষয়টি নজরে আনেন আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ।

এ ব্যাপারে আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, হাইকোর্ট বেঞ্চে পরীমনিকে বারবার রিমান্ডে নেওয়ার বিষয়ে আদালতে ম্যানশন (উপস্থাপন) করেছিলাম। আমি আদালতকে বলেছি, পরীমনিকে বারবার রিমান্ডে নেওয়া হচ্ছে কোন আইনে। এভাবে রিমান্ডে নেওয়া সিআরপিসির কোথাও নেই।

পরে আদালত বলেছে, একেক জনের বিরুদ্ধে কোন মামলায় কী রিমান্ড করে তা তো আমরা জানি না। আপনি একটা আইনি নোটিশ দেন। কোন আইনে রিমান্ডে নেয় তা জানেন, রিট করেন। তারপর আমরা দেখব।

উল্লেখ্য, গত ৪ আগস্ট রাতে প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা  থেকে পরীমনি ও তার সহযোগী দীপুকে গ্রেফতার করে র?্যাব। পরদিন র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য আইনে পরীমনি ও তার সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা করে।