দেড় মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু

আপডেট : ১৯ আগস্ট ২০২১, ২৩:১০

দেশে গত এক দিনে করোনা ভাইরাসে ১৫৯ জনের মৃত্যু হয়েছে, যা গত দেড় মাসের মধ্যে সর্বনিম্ন। দেশে ডেলটা ভ্যারিয়েন্টের দাপট শুরুর পর সর্বশেষ গত ৪ জুলাই এক দিনে এর চেয়ে কম মৃত্যুর খবর এসেছিল। সেদিন ১৫৩ জন কোভিড রোগীর মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৭ হাজার ২২৭টি নমুনা পরীক্ষা করে ৬ হাজার ৫৬৬ জনের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে দেশে মোট ১৪ লাখ ৪৭ হাজার ২১০ জন কোভিড রোগী শনাক্ত হলো; আর আক্রান্তদের মধ্যে গতকাল পর্যন্ত মোট মৃত্যু হলো ২৪ হাজার ৮৭৮ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৭ দশমিক ৬৪ শতাংশ। জুলাই মাসের বেশির ভাগ সময় এই হার ৩০ শতাংশের আশপাশে ছিল। আগের দিন বুধবার সারা দেশে ৭ হাজার ২৪৮ জন নতুন রোগী শনাক্ত হয়, মৃত্যু হয় ১৭২ জনের। সেই হিসেবে এক দিনে শনাক্ত রোগী আর মৃত্যু সংখ্যা কমেছে। গত এক দিনে শুধু ঢাকা বিভাগেই ৩ হাজার ৪১৩ জনের মধ্যে করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়েছে যা দিনের মোট আক্রান্তের অর্ধেকের বেশি। আগের দিন এ বিভাগে ৪ হাজার ১৫২ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল। আর এখনো পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ৯১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৪০ শতাংশ।