বেগমগঞ্জে বিবস্ত্র করে ধর্ষণচেষ্টা

নির্যাতনের শিকার সেই নারীর আদালতে সাক্ষ্য গ্রহণ

আপডেট : ১৯ আগস্ট ২০২১, ২৩:১১

নোয়াখালীর বেগমগঞ্জ  উপজেলার একলাশপুরে ২০২০ সালের ২ সেপ্টেম্বর রাতে ঘরে ঢুকে স্বামীকে বেঁধে রেখে ধর্ষণে ব্যর্থ হয়ে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় দায়েরকৃত মামলায়  আদালতে সাক্ষী দিয়েছেন বাদী ভুক্তভোগী সেই নারী (৩৮)। গতকাল বৃহস্পতিবার সকালে নোয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন  ট্রাইব্যুনাল-১এর বিচারক (জেলা জজ) মো. জয়নাল আবদীন বহুল আলোচিত এ মামলার বাদীর সাক্ষী গ্রহণ করেন। এসময়  আদালতে নির্যাতনের বর্ণনা তুলে ধরতে গিয়ে ওই নারী আবেগাপ্লুত হয়ে পড়েন।

পিপি মামুনুর রশিদ এ বিষয়টি নিশ্চিত করে বলেন, বাদীর সাক্ষ্য গ্রহণকালে আদালতে মামলার অভিযোগপত্রভুক্ত ১৩ আসামির মধ্যে ৯ জন উপস্থিত ছিলেন। এ মামলায় তদন্তকারী সংস্থা পিবিআই ১৩ জন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। তাদের  মধ্যে চারজন পলাতক রয়েছে। এছাড়া  গ্রেফতারকৃত আসামি  ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন ওরফে সোহাগের বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পাওয়ায় আদালত তাকে মামলা থেকে অব্যাহতি দেন। 

এদিকে বাদীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের কোর্ট হাজতে নেওয়ার পথে কর্তব্যরত গণমাধ্যম কর্মীদের ওপর চড়াও হন দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার ও তার সহযোগীরা। তারা পুলিশের সামনেই একাধিক সাংবাদিকের হাত থেকে ক্যামেরা,  মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তারা  সাংবাদিকদের গালমন্দও করেন।