স্থগিত সংসদ, ইউপি, পৌর ভোট করার পক্ষে ইসি

আপডেট : ১৯ আগস্ট ২০২১, ২৩:১২

স্থগিত সিলেট-৩ আসনের উপনির্বাচন, দেড় শতাধিক ইউনিয়ন পরিষদ (ইউপি) ও ৯টি পৌরসভার নির্বাচন দ্রুত সম্পন্ন করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে আগামী রবিবার সকাল ১১টায় বৈঠক আহ্বান করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।  ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার তথ্যানুযায়ী, সিলেট-৩ আসন, দেশের ছয়টি জেলার ১৬৭টি ইউপি এবং ৯টি পৌরসভার ভোট করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় স্থগিত করা হয়েছিল। বর্তমানে পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে। তাই সংশ্লিষ্ট জেলার ইউপিগুলো এবং পৌরসভায় ভোট নিতে চায় ইসি। ইউপির ভোটগুলো প্রথম ধাপে গত ২১ জুন হওয়ার কথা ছিল। ঐদিন ষষ্ঠ ধাপের পৌরসভা নির্বাচনের অংশ হিসেবে ৯টি পৌরসভার ভোট হওয়ারও কথা ছিল।

ইউপিগুলোর মধ্যে বাগেরহাট জেলার সদর, শরণখোলা, মোরেলগঞ্জ, মোংলা, রামপাল, কচুয়া, চিতলমারী, মোল্লাহাট ও ফকিরহাট উপজেলার ৭০টি ইউপি; খুলনা জেলার কয়রা, দাকোপ, বটিয়াঘাটা, দিঘলিয়া ও পাইকগাছা উপজেলার ৩৫টি ইউপি; সাতক্ষীরা জেলার কলারোয়া ও তালা উপজেলার ২১টি ইউপি; নোয়াখালী জেলার সুবর্ণচর ও হাতিয়ার ১৩টি ইউপি; চট্টগ্রাম জেলার সন্দ্বীপের ১৩টি ইউপি এবং কক্সবাজার জেলার মহেশখালী, কুতুবদিয়া, পেকুয়া ও টেকনাফের ১৫টি ইউপি। আর পৌরসভাগুলো হলো—নাঙ্গলকোট, ভাঙ্গা, চকরিয়া, সোনাগাজী, কবিরহাট, মহেশখালী, দেবীগঞ্জ, যশোর সদর পৌরসভা ও অভয়নগরের নোয়াপাড়া পৌরসভা। অক্টোবর থেকে ইউপির দ্বিতীয় ধাপের ভোট শুরু করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

ইসির পরিকল্পনা অনুযায়ী আগামী ৪ অথবা ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে পারে সিলেট-৩ আসনের উপনির্বাচন। সেই পরিকল্পনা করে এগোচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। দুই দফা পিছিয়ে যাওয়ায় সিলেট-৩ আসনের উপনির্বাচন আগামী ৬ সেপ্টেম্বরের মধ্যে করতে হবে। গত ২৬ জুলাই ভোটের দুই দিন আগে নির্বাচনের ওপর ৫ আগস্ট পর্যন্ত স্থগিতাদেশ দেন হাইকোর্ট। ফলে নির্বাচন কমিশন ঐদিন বিকালেই ভোট স্থগিত করে। আগামী রবিবার কমিশন সভায় ঐ আসনের ভোটের বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন।