২৪ ঘণ্টার মধ্যে আসামিকে আদালতে হাজির না করায় পুলিশ কর্মকর্তাকে শোকজ

আপডেট : ১৯ আগস্ট ২০২১, ২৩:১২

আটকের ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের আদালতে হাজির না করায় মামলার বাদী নগর গোয়েন্দা পুলিশের (উত্তর) উপ-পরিদর্শক অঞ্জন গুপ্তকে শোকজ করেছেন আদালত। একই ঘটনায় চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমান ও মামলার তদন্ত কর্মকর্তা নগর গোয়েন্দা পুলিশের (উত্তর) উপ-পরিদর্শক ইমাম হোসেনের ব্যাখ্যা গ্রহণ করে তাদের অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া গ্রেফতার ছয় আসামির রিমান্ড ও জামিন আবেদনও নামঞ্জুর করেছেন বিচারক। চট্টগ্রাম মহানগর ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফী উদ্দীনের আদালত গতকাল বৃহস্পতিবার শুনানি শেষে এসব আদেশ দেন। আসামি পক্ষের আইনজীবী জিয়া হাবীব আহসান ইত্তেফাককে বলেন, নগরীর বিভিন্ন এলাকা থেকে অটোরিকশা চোর চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে বলে নগর গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগ দাবি করে। কিন্তু অটোরিকশার কোনো মালিক এখন পর্যন্ত গাড়িগুলোর মালিকানা দাবি করেনি। তিনি বলেন, চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বক্তব্য আদালত গ্রহণ করে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন।