মাইক্রোসফট এক্সেল ভিত্তিক দেশের সর্ববৃহৎ অনলাইন প্রতিযোগিতা

আপডেট : ১৯ আগস্ট ২০২১, ২৩:৩৯

বর্তমান সময়ে মাইক্রোসফট এক্সেল-এ দক্ষতা খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। কর্মক্ষেত্রে যেকোনো কাজের হিসেবসহ প্রকল্প ব্যবস্থাপনার নানা কাজে সহযোগী হিসেবে এক্সেল অনন্য ভূমিকা পালন করে। আর সেই দক্ষতাকে যাচাই করে নিতেই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স ক্লাব পঞ্চমবারের মতো আয়োজন করতে যাচ্ছে দেশের সর্ববৃহৎ এক্সেল ভিত্তিক প্রতিযোগিতা  'এক্সেলসিওর ২০২১' পাওয়ার্ড বাই  ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড।

দেশের যেকোনো বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা ঘরে বসেই অংশগ্রহণ করতে পারবে মাইক্রোসফট এক্সেল ভিত্তিক এই অনলাইন প্রতিযোগিতায়। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে ২টি ধাপে। ২টি কর্মশালা ও ২ রাউন্ড প্রতিযোগিতার শেষে ঘোষণা করা হবে ৩ জন বিজয়ীর নাম।

একক পর্যায়ের এই প্রতিযোগিতার রেজিস্ট্রেশন চলে ১৩ আগস্ট থেকে ১৯ আগস্ট পর্যন্ত।

২০ এবং ২২ আগস্ট প্রথম দুই কর্মশালার মাধ্যমে শুরু হবে 'এক্সেলসিওর ২০২১'। দেশের প্রখ্যাত সব এক্সেল বিশেষজ্ঞদের দ্বারা এক্সেল ফাংশনের মৌলিক এবং অত্যাধুনিক পদ্ধতির শেখার মাধ্যমে প্রতিযোগীরা নিজেদের তৈরি করে নিতে পারবেন পরবর্তী রাউন্ডগুলোর জন্য। ২২ এবং ২৭ আগস্ট যথাক্রমে প্রথম ও দ্বিতীয় রাইন্ড শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের কাঙ্ক্ষিত ফলাফল জানতে পারবেন ২৯ আগস্ট অনুষ্ঠিতব্য গ্র্যান্ড ফিনালের মাধ্যমে।

পুরষ্কার হিসেবে চ্যাম্পিয়ন পাবেন ২৫ হাজার টাকা, ১ম রানার আপ পাবেন ১৫ হাজার টাকা ও ২য় রানার আপের জন্য থাকছে ১০ হাজার টাকা। এছাড়াও তাদের  জন্য থাকছে ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেডের পক্ষ থেকে ইন্টার্নশিপের সুযোগ। আর সেরা দশ প্রতিযোগিদের জন্য থাকছে সার্টিফিকেট।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক্স এর অ্যাকাউন্টিং ও ফাইন্যান্স বিভাগের অধীনে পরিচালিত 'এনএসইউ ফাইন্যান্স ক্লাব' ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয়। বিগত কয়েক বছরে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বেশকিছু প্রতিযোগিতা আয়োজন করে আসছে ক্লাবটি। গত চারবার আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রতিযোগিতাটির সফল আয়োজনের পর এবার জাতীয় পর্যায়ে আয়োজিত হতে যাচ্ছে 'এক্সেলসিওর ২০২১'।

এবারের আয়োজনে ক্লাব পার্টনার হিসেবে থাকছে ওয়াইগ্যাপ বাংলাদেশ। বাংলা প্রিন্ট মিডিয়া পার্টনার  হিসেবে আছে দৈনিক ইত্তেফাক। সহযোগিতা করছে দ্য বিজনেস স্ট্যানডার্ড, ফুড পার্টনার 'লা শেরিজ', রেডিও পার্টনার 'রেডিও কার্নিভাল' ও ব্রডকাস্ট মিডিয়া পার্টনার 'যমুনা টেলিভিশন'।

ইত্তেফাক/এসটিএম