সাউথ বাংলা ব্যাংকের চেয়ারম্যানের দুর্নীতির তদন্তে নামছে দুদক

আপডেট : ২০ আগস্ট ২০২১, ০০:৪১

সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের চেয়ারম্যান এস এম আমজাদ হোসেনের বিরুদ্ধে তদন্তে নামছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে  বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক আরিফ সাদেক।

তিনি জানান, আমজাদ হোসেনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে নামে-বেনামে দেশে বিদেশে বিভিন্ন কোম্পানি খুলে ব্যাংকটির খুলনা শাখা ও কাটাখালী শাখা ব্যবহার করে আমদানি-রপ্তানি ও ঋণের আড়ালে নানাবিধ দুর্নীতি, অনিয়ম, জালিয়াতির মাধ্যমে আমানতকারীদের বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ আছে।

একই অভিযোগে গত ১৪ মার্চ আমজাদ, তার স্ত্রী সুফিয়া আমজাদ ও মেয়ে তাজরি আমজাদের ব্যাংক হিসাব জব্দ করতে ব্যাংকগুলোকে নির্দেশনা দেয় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। চিঠিতে বলা হয়, অর্থপাচার প্রতিরোধ আইন অনুযায়ী আগামী ৩০ দিনের জন্য এসব হিসাব স্থগিত করা হলো। একই চিঠিতে তিন দিনের মধ্যে হিসাবের স্থিতি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এর আগে তাদের নামে থাকা শেয়ার বিক্রি ও হস্তান্তরের নিষেধাজ্ঞা আরোপ করে দুদক।