রাজধানীর দক্ষিণখানে দরিদ্র পরিবার সেবা নামে একটি ক্লিনিক থেকে বুধবার রাতে করোনা প্রতিরোধক মডার্নার ২৯ ডোজ ভ্যাকসিন এবং ২ হাজার ডোজের খালি বক্স জব্দ করেছে পুলিশ। এ সময় ক্লিনিকের মালিক পল্লি চিকিত্সক বিজয় কৃষ্ণ তালুকদারকে গ্রেফতার করা হয়। পরে পুলিশ বাদী হয়ে দক্ষিণখান থানায় ঐ পল্লি চিকিত্সকের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে। এই মামলায় গ্রেফতার বিজয় কৃষ্ণ তালুকদারকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠালে, আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হক মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, দক্ষিণখানের ঐ ক্লিনিকে অবৈধভাবে মডার্নার টিকা দেওয়া হচ্ছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে ক্লিনিকটিতে অভিযান পরিচালনা করা হয়। সে সময় ক্লিনিকে দুই জন টিকা নিচ্ছিলেন। পরে সরকারি নীতিমালা ছাড়া অবৈধভাবে করোনার টিকা দেওয়ার অভিযোগে প্রতিষ্ঠানের মালিক বিজয়কৃষ্ণ তালুকদারকে (৩৭) আটক করা হয়, জব্দ করা হয় মডার্নার ভ্যাকসিন ও ভ্যাকসিনের খালি বক্স। পুলিশের এই কর্মকর্তা বলেন, আটক বিজয়ের কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি, তিনি প্রতি ডোজ টিকা ১ হাজার টাকার বিনিময়ে মানুষকে দিতেন। তিনি এখন পর্যন্ত কত জনকে টিকা দিয়েছেন এবং কোথা থেকে এ টিকা পেয়েছেন তা জানা যায়নি।
