তিব্বতের স্বায়ত্তশাসিত অঞ্চল হওয়ার ৭০তম বার্ষিকী উদ্যাপন করেছে চীন। একই সঙ্গে তিব্বতীয়দের কমিউনিস্ট পার্টির শাসন মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে বেইজিং। আলজাজিরার খবরে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার তিব্বতের রাজধানী লাসায় দিবসটি উদ্যাপনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে চীনা কমিউনিস্ট পার্টির নেতা ওয়াং ইয়াং বলেন, তিব্বতের উন্নয়ন ও সমৃদ্ধি কেবল কমিউনিস্ট পার্টির নেতৃত্বে ও অধীনে হতে পারে। তিব্বতের মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন হলো তার প্রমাণ। পাশ্চাত্য চীনবিরোধী শক্তির মানবাধিকার ও ধর্মের অজুহাতে তিব্বতে হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই। চায়না ইন্টারন্যাশনাল রেডিও’র খবরে বলা হয়েছে, গত ৭০ বছরে বিশেষ করে চীনের কমিউনিস্ট পার্টি বা সিপিসির অষ্টাদশ জাতীয় কংগ্রেসের পর থেকে তিব্বতের অর্থনীতির লক্ষণীয় উন্নতি হয়েছে। বাসিন্দাদের আয় দ্রুতগতিতে বেড়েছে। অর্থনীতি, সমাজ ও গণ-জীবিকা খাতে ঐতিহাসিক সংস্কার ঘটেছে এবং উল্লেখযোগ্য সাফল্যও অর্জিত হয়েছে।
