চাঁদপুর ফরিদগঞ্জে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে নুরুল ইসলাম (৬০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃত নূরুল পশ্চিম চরদুখিয়া ইউনিয়নের চরদুঃখিয়া গ্রামের মৃত সুলতান বেপারীর ছেলে।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) ধর্ষণের শিকার প্রতিবন্ধী কিশোরীকে চাঁদপুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় একটি অভিযোগ দিয়েছেন।
অভিযোগকারী জানায়, মঙ্গলবার দুপুরে বৃষ্টির সময় মেয়েটি বাইরে থেকে ঘরে যাওয়ার পথে নুরুল ইসলাম বেপারী মেয়েটিকে জোরপূর্বক নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে। ধর্ষণ শেষে তাকে বাইরে বের করে দিলে প্রতিবন্ধী মেয়েটি তার মাকে ঘটনাটি জানায়। এ ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য উঠেপড়ে লাগে নুরুলের পরিবারের লোকজন।
বর্তমানে পরিবারটি নিরাপত্তাহীতায় থাকার কথা জানায়। অভিযুক্ত নুরুল ইসলাম মান-সম্মানের চিন্তায় বিষয়টি বাড়াবাড়ি না করার জন্য অনুরোধ করে।

চাঁদপুর সরকারি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ধর্ষণের ঘটনায় একটি মেয়েকে ভর্তির সত্যতা স্বীকার করে জানান, মেডিকেল চেকআপ করা হচ্ছে, এখনই কিছু বলা যাচ্ছেনা।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে নুরুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
ইত্তেফাক/এএএম
