ফুলবাড়ীতে অজ্ঞাত ব্যক্তির রহস্যজনক মৃত্যু

আপডেট : ২০ আগস্ট ২০২১, ১৫:৩৮

কুড়িগ্রামের ফুলবাড়ীতে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির (৬৫) রহস্যজনক মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলা শহরের কাছারীবাজার মাঠ সংলগ্ন জামে মসজিদের বারন্দার মেঝেতে ওই বৃদ্ধকে মৃতপ্রায় অবস্থায় পাওয়া যায়।

মসজিদের মোয়াজ্জিন মো. সফিকুল ইসলাম জানান, দুপুরের দিকে ওই ব্যক্তি বারান্দায় শুয়ে কাঁতরাচ্ছিলেন। এসময় তার মুখ থেকে রক্ত ও লালা ঝরে পরছিল। কিছুক্ষণ পরেই তিনি নিস্তেজ হয়ে যান। তার শোচনীয় অবস্থা দেখে স্থানীয়দের সহায়তায় দ্রুত ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে ফুলবাড়ী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুইদিনেও অজ্ঞাত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।


 
ফুলবাড়ী হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এরশাদুল হক জানান, মৃত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। এসময় তার মুখে ও শরীরে বিষের গন্ধ ছিল। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত সারওয়ার পারভেজ জানান, এ ব্যাপারে একটি ইউডি মামলা দায়ের হয়েছে। শুক্রবার অজ্ঞাত ব্যক্তির লাশ ময়না তদন্ত সম্পূর্ণ হয়েছে। রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে। এছাড়াও বেওয়ারিশ লাশ দাফনের জন্য আনজুমান সদস্যদের কাছে আবেদন করা হয়েছে। 

ইত্তেফাক/এসজেড