নোয়াখালীর সুবর্ণচরে সেনাবাহিনীর একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিন সেনা সদস্য নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ৯ জন।
নিহতরা হলেন- ২১ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়ন সিলেটের সিপাই মামুন খোন্দকার, ফিরোজুল ইসলাম ও ফয়েজ উদ্দিন। শুক্রবার বিকাল ৩টার দিকে সুবর্ণচর- স্টিমার ঘাট সড়কের তোতার বাজারের দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে।
সুবর্ণচরের চরজব্বর থানার ওসি সাহেদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, বিকালে কুমিল্লা সেনানিবাস থেকে সেনা সদস্যদের নিয়ে সেনাবাহিনীর একটি গাড়ি হাতিয়ার স্বর্ণদ্বীপ যাচ্ছিল। পথে তোতার বাজারের দক্ষিণে আসার পর অন্য একটি গাড়িকে অতিক্রম করার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ১২ সেনা সদস্য আহত হন।
দুর্ঘটনার পরপর এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। সন্ধ্যায় নিহত ও আহত সেনা সদস্যদের হেলিকপ্টারে করে ঢাকায় সিএমএইচে নেওয়া হয়েছে বলে জানান ওসি।
আরো পড়ুন:
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠনের সভাপতি হলেন বাংলাদেশি আনিশা
সাভারে বউ-শাশুড়ির অপমানে জাবি ছাত্রের আত্মহত্যা
ইত্তেফাক/জেডএইচ

