এএফপি
জরুরি ব্যবহারের জন্য দেশীয়ভাবে তৈরি আরো দুইটি কোভিড-১৯ ভ্যাকসিন অনুমোদন দিয়েছে কিউবা। শুক্রবার দ্বীপ দেশটির ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ বলেছে, কঠোর মূল্যায়ন প্রক্রিয়া শেষে সোবেরানা ০২ এবং সোবেরানা প্লাস ভ্যাকসিনের অনুমোদন দেওয়া হয়। দুইটি সোবেরানা ভ্যাকসিন একটি আরেকটির পরিপূরক। এর আগে কিউবা প্রথম লাতিন আমেরিকার দেশ হিসেবে দেশে তৈরি আবদালা ভ্যাকসিনের অনুমোদন দেয়। সেই সময়ে দেশটিতে উচ্চ সংক্রমণ হার বিরাজ করছিল।
সিইসিএমইডি পরিচালক ওলগা লিডিয়া জ্যাকোবো শুক্রবার বলেছেন, ‘ভ্যাকসিনের কার্যকারিতা সম্পর্কিত সব ফলাফল মূল্যায়ন করার পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়।’ স্বাস্থ্য কর্তৃপক্ষ বলেছে, সোবেরানা টিকা ৯১.২ শতাংশ কার্যকর। সোবেরানা ০২ ভ্যাকসিনের দুই ডোজের পর তৃতীয় ডোজ হিসেবে সোবেরানা প্লাস ভ্যাকসিন নিতে হবে। তবে আবদালার তিনটি ডোজ নিতে হবে। ক্লিনিক্যাল টেস্টিংয়ের অংশ হিসেবে কিউবা গত মে থেকে সবচেয়ে সংক্রমিত এলাকায় সোবেরানা ও আবদালা ভ্যাকসিন ব্যবহার করে আসছে। ৩০ লাখের বেশি কিউবান আবদালার তিনটি ডোজ পেয়েছে, ৪৩ লাখ দুই ডোজ এবং ৪৮ লাখ লোক কমপক্ষে একটি ডোজ পেয়েছে।
