পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমে চীনা নাগরিকদের লক্ষ্য করে হামলা, নিহত ৩

আপডেট : ২১ আগস্ট ২০২১, ১৯:৪৫

রয়টার্স

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমে চীনা নাগরিকদের গাড়িবহর লক্ষ্য করে চালানো এক আত্মঘাতী বোমা হামলায় দুই শিশুসহ তিন জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। শুক্রবার স্থানীয় সময় রাত ৭টার দিকে গওয়াদর বন্দরের ইস্ট বে সড়কে এ হামলার ঘটনা ঘটে।

গওয়াদর পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে অবস্থিত, প্রদেশটিতে দীর্ঘদিন ধরেই বিচ্ছিন্নতাবাদী বিভিন্ন গোষ্ঠী সক্রিয়। শুক্রবারের হামলায় নিহতদের মধ্যে এক চীনা নাগরিক আছেন বলে শনিবার দেশটির দূতাবাসের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে। এর আগে বেলুচিস্তান সরকারের মুখপাত্র লিয়াকত শাহওয়ানি হামলায় দুই শিশু নিহত ও তিন জন আহত হয়েছে বলে জানিয়েছিলেন। বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এ হামলার দায় স্বীকার করে নিয়েছে। বিবৃতিতে ঐ গোষ্ঠী বলেছে, বিএলএ চীনা প্রকৌশলীদের গাড়িবহর লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার চীনা নাগরিকদের নিয়ে গাড়িবহরটি যে পথ দিয়ে যাচ্ছিল, তার কাছাকাছি একটি জেলেপাড়া থেকে এক অল্প বয়সি ছেলে দৌড়ে আসে এবং গাড়িবহরের ১৫ থেকে ২০ মিটার দূরে নিজেকে উড়িয়ে দেয়। জুলাইয়ে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার-পাখতুনখোয়ায় একটি বাসে হামলার ঘটনা ৯ চীনা কর্মী ও দুই পাকিস্তানি সেনাসহ ১৩ জন নিহত হয়েছিল।