কলমাকান্দায় সড়কের খানাখন্দে জমে থাকে পানি

আপডেট : ২১ আগস্ট ২০২১, ২১:০৩

জনদুর্ভোগ চরমে

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দা উপজেলা সদরে এলজিইডির আওতাধীন চাঁনপুর মোড় থেকে মাদ্রাসা বাজার পর্যন্ত অর্ধ কিলোমিটার সড়ক বেহাল। খানাখন্দে ভরা সড়কে বৃষ্টির পানি জমে থাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে ঐ সড়কে পথচারী ও যানবাহন চলাচলে নানা সমস্যা হচ্ছে। গত বুধবার সরেজমিনে দেখা যায়, এ সড়ক দিয়ে প্রতিদিন শত শত ইজিবাইক, রিকশা, সিএনজি, বাস-ট্রাকসহ বিভিন্ন যান চলাচল করছে। এছাড়া এই পথ দিয়ে সাধারণ মানুষ হাটবাজার কিংবা বিভিন্ন স্কুল-কলেজ, হাসপাতাল, উপজেলা পরিষদ, থানাসহ বিভিন্ন দপ্তরে যাতায়াত করেন। এই সড়কটিতে ভোর থেকে গভীর রাত পর্যন্ত যানবাহনের ভিড় লেগেই থাকে।

জানা যায়, কলমাকান্দা উপজেলা সদর থেকে বরুয়াকোনা ও গোবিন্দপুর এলাকায় যাতায়াতের জন্য এই সড়কটি অন্যতম। তিন বছর পূর্বে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এই সড়কটি সংস্কার করে। কিন্তু সড়কের বিভিন্ন অংশ ভেঙে যাওয়ায় চাঁনপুর মোড় থেকে মাদ্রাসা বাজার পর্যন্ত সড়কে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। স্থানীয়দের দাবি এই সড়কের দুই পাশে ড্রেনেজ ব্যবস্থা না করায় জমে থাকা পানি নিষ্কাশন হচ্ছে না।

কলমাকান্দা বাজার ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি কাজল দে সরকার বলেন, এই সড়কটি একটি জনগুরুত্বপূর্ণ সড়ক। কিন্তু সড়কের দুই পাশে ড্রেন না থাকায় জমে থাকা বৃষ্টির পানি যেতে পারে না।

এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপসহকারী প্রকৌশলী ইমরান হোসেন বলেন, ড্রেন তৈরির বরাদ্দ পাওয়া গেছে। কিছু দিনের মধ্যেই ড্রেন তৈরির কাজ শুরু হবে। পানি নিষ্কাশন করার পর রাস্তা সংস্কার করা হবে। কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহল রানা জানান, সড়কের জলাবদ্ধতা নিরসনে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগকে বলা হয়েছে। পানি নিষ্কাশনের জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, ড্রেন তৈরি করে দেওয়া হলে মানুষের আর দুর্ভোগ পোহাতে হবে না।